ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকা-২০ (ধামরাই) আসনে ১৪৭ ভোটকেন্দ্রের সব কটিতে জয় পেয়ে চমক দেখিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ তমিজ উদ্দিন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ চার হাজার ৭১৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে ধানের শীষ প্রতীকে তমিজ উদ্দিন পেয়েছেন এক লাখ ৬২ হাজার ৫০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (শাপলা কলি) পেয়েছেন ৫৭ হাজার ৭৮৭ ভোট।
এছাড়া খেলাফত মজলিসের মুফতি আশরাফ আলী (দেয়াল ঘড়ি) পেয়েছেন ৯ হাজার ৮৩ ভোট। জাতীয় পার্টির আহসান খান আছু (লাঙ্গল) পেয়েছেন তিন হাজার ৭৬ ভোট। বাংলাদেশ জাসদের আরজু মিয়া (মোটরগাড়ি) পেয়েছেন ১৯৮ ভোট এবং এবি পার্টির হেলাল উদ্দিন (ঈগল) পেয়েছেন ৪৭৮ ভোট। এই চার প্রার্থী প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশ না পাওয়ায় জামানত হারিয়েছেন।
আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এর মধ্যে দুই লাখ ৩৮ হাজার ৯৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোট পড়ে ছয় হাজার ১১৭টি। ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনের সব কেন্দ্রেই ধানের শীষের প্রার্থী এগিয়ে থাকেন।
বিজয়ের পর তমিজ উদ্দিন বলেন, দীর্ঘদিন পর ভোটাররা নির্বিঘেœ ভোট দেয়ার সুযোগ পেয়েছেন। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনই তাকে এ বিজয় এনে দিয়েছে।



