বাসস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে তুরস্ক, কমনওয়েলথ ও আইআরআইয়ের নির্বাচনী পর্যবেক্ষক দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচনী পর্যবেক্ষক দল গতকাল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ সাক্ষাতে তুরস্কের পার্লামেন্টারি সদস্যদের নিয়ে গঠিত পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টার্কিশ-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমেত আকিফ ইলমাজ।
আইআরআইয়ের পর্যবেক্ষক দলের সাক্ষাৎ : ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি নির্বাচনী পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।
গতকাল পাঁচ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সাবেক কংগ্রেসম্যান ডেভিড ড্রেয়ার।
কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ : কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে।
কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ার ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ ই নানা আকুফো-আডো ২৩ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর : শহীদ শরিফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
এ সময় গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।
ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ : ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ-ইওএম) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও প্রতিনিধি দলের প্রধান টোমাস জেডেখভস্কি। প্রতিনিধি দলে আরো ছিলেন প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স ইযাবস, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য লুকাস ম্যান্ডল, লোরান্ত ভিনচে, লেইরে পাখিন, শেরবান দিমিত্রিয়ে স্টুর্দজা, মাইকেল ম্যাকনামারা, ক্যাটারিনা ভিয়েইরা, মার্টিন বিল্লে হারমান, ইনতা লাসে, রেজিনাল্ড সোয়েনেন, নিকোস সালিয়ারেলিস, ফিলিপে আলকোবিয়া দে মোরায়েস, বেঞ্জামিন ওপারমান, লিভিউ-আদ্রিয়ান নাতেয়া, টেসেল গিয়েলে, রিকার্দো চেলেরি, ফ্রেডেরিক শুমান এবং মারিনা গ্রাসের লাসিক।
এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলারও বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মো: মোশাররফ হোসেনও বৈঠকে উপস্থিত ছিলেন।



