এনবিআর চেয়ারম্যানকে চিঠি

ভীতি দূর করতে আয়কর আইনের ১৪৭ ধারার প্রয়োগ স্থগিত চান নেতারা

Printed Edition

বিশেষ সংবাদদাতা চট্টগ্রাম

আয়কর আইন ২০২৩-এর ১৪৭ ধারার বিধান অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের কর্তৃক ব্যবসা বা শিল্পপ্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন ও ডকুমেন্ট-হিসাব যাচাই করার ক্ষমতা প্রদানসংক্রান্ত বিজ্ঞপ্তি ব্যবসায়ীদের নিকট ভীতি ও আতঙ্কের সৃষ্টি করেছে। গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর পক্ষ হতে এই আতঙ্কের কথা জানিয়ে ওই বিজ্ঞপ্তি অবিলম্বে স্থগিত বা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

বিসিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পপারভেজ), বিসিএমইএ সভাপতি মইনুল ইসলাম, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক, ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ, আইসিসি বাংলাদেশ সভাপতি মাহবুবুর রহমান এবং এমসিসিআই সভাপতি কামরান টি ওহমান কর্তৃক যৌথ স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়েছেÑ জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর আইন ২০২৩-এর ১৪৭ ধারার বিধান অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক ও হিসাবসংক্রান্ত ডকুমেন্ট সরেজমিন পরিদর্শনবিষয়ক ১৯ জুলাই তারিখের সংবাদ বিজ্ঞপ্তিটি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ওই সংবাদ বিজ্ঞপ্তির শেষ অনুচ্ছেদ অনুযায়ী বিষয়টি স্পষ্ট যে, ২০২৩ সালের আয়কর আইনের ১৪৭ ধারার প্রযোগ এখনো শুরু হয়নি এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী নেতারাসহ ুদ্র থেকে বড় কোনো শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা আইনের এ ধারাটি সম্পর্কে অবগত নয়।

এতে বলা হয়, গত ১৯ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এ সংবাদ বিজ্ঞপ্তি জারির পর উৎপাদন ও সার্ভিস সেক্টরের বিভিন্ন ব্যবসায়ীদের নিকট এটি একটি আকস্মিক ভীতি ও আতঙ্কের সৃষ্টি করেছে। ব্যবসায়ী নেতারা বলেন, ব্যবসায়ী সমাজ করব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায্যতা সব সময় সমর্থন করে এবং মনে করে, আয়কর প্রদানে ভীতি দূর করে ব্যবসা বা শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও আয়কর কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান থাকা আবশ্যক। বর্তমান সরকারের লক্ষ্য অনুযায়ী ২০৩৪ সালে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ও এক কোটি লোকের কর্মসংস্থানের জন্য আমাদের বর্তমান স্থবির অর্থনীতিতে গতিশীলতা ফিরিয়ে আনতে আমাদের ব্যবসার আকার ও ধরন ব্যাপক হারে বাড়াতে হবে। সে ক্ষেত্রে সরকার ও ব্যবসায়ী সমাজ পরস্পরকে আস্থায় নিয়ে একসাথে এগিয়ে যেতে হবে।