নয়া দিগন্ত ডেস্ক
দেশে সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গে মৃত শিশুর সংখ্যা ৫৯৪ জনে পৌঁছেছে।
গতকাল স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত নিহতদের মধ্যে চারজন শিশু ঢাকা বিভাগের বাসিন্দা। এ ছাড়া রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫০৪ শিশু মারা গেছে। অন্যদিকে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হাম রোগে প্রাণ হারিয়েছে আরো ৯০ শিশু। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৪ জন।
এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় আরো মোট এক হাজার ২৯২ জনের হামের উপসর্গ শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। ফলে গত আড়াই মাসে মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৬২ জনে পৌঁছেছে।
একই সময়ে পরীক্ষার মাধ্যমে নতুন ৪২ জনের শরীরে হাম রোগ নিশ্চিত করা হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১৩৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম ও উপসর্গে মোট ৫৯ হাজার ১০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৪ হাজার ৮৫২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।



