ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ডুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার। ইউজিসির হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো: আবদুর রহমান ফরহাদের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন ইউএটিএফএস-এর চেয়ারপারসন অধ্যাপক ড. মো: শওকত ওসমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: কামাল-আল-হাসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছা: তহুরা পারভীন।
প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বর্তমানে অ্যাকাডেমিক ক্ষেত্রে সক্রিয় ও প্রভাবশালী টুল। পাঠদান, গবেষণা, মূল্যায়ন ব্যবস্থা এবং জ্ঞান সৃষ্টির কাঠামোতে এআই এমন এক রূপান্তর এনেছে, যা আমাদের প্রচলিত অ্যাকাডেমিক চিন্তাধারাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। আমরা এখন পঞ্চম শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে। চতুর্থ শিল্পবিপ্লবের অর্জনসমূহ ধরে রেখে পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে শিক্ষা খাতের বৈশ্বিক লক্ষ্য অর্জনে সর্বস্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যথাযথ ব্যবহারের বিকল্প নেই। ডুয়েটের কারিকুলাম, অ্যাকাডেমিক, প্রশাসনিকসহ সব ক্ষেত্রে পর্যায়ক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আত্মীকরণের মাধ্যমে আমরা দেশের শিক্ষাব্যবস্থাকে আরো গতিশীল, অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে সক্ষম হবো, ইনশা আল্লাহ।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রুমা, সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নাজিম উদ্দীন, মেটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক অধ্যাপক ড. এ এন এম মোমিনুল ইসলাম মুকুট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: আবদুস সাহিদসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।
উল্লেখ্য, ডুয়েটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাবটি হিট প্রকল্পের অধীনে বাস্তবায়িত বাংলাদেশের এ সংক্রান্ত প্রথম ল্যাব। দেশের শিক্ষা খাতে জাতিসঙ্ঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রা অর্জন এবং বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী টেকনিক্যাল এডুকেশন সেক্টর সংস্কার করে বৈশ্বিক চাহিদা পূরণের উপযোগী করতে পলিসি প্রণয়নে ল্যাবটি ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।



