ক্রীড়া প্রতিবেদক
মরা গাছে ফুল ফোটাতে চলেছেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন। কমিটিতে এসেই কথা দিয়েছিলেন বন্ধ হয়ে যাওয়া প্রথম বিভাগ চালু করবেন। কথা অনুযায়ী এক যুগ পর সচল করতে যাচ্ছেন প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ। ২০১৪ সালে সর্বশেষ হয়েছিল এই লিগ। যেখান থেকে শাটলারদের আয় রুজির ব্যবস্থা হতো।
রাসেল কবির জানান, ‘আগামী ১৫-২২ মে ৯টি দল নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোরে শুরু হতে যাচ্ছে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ। সবশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল এই লিগ। দেশের শাটলারদের আয়ের অন্যতম একটি পথ ছিল এই লিগ। গত এক যুগ ধরে সেই লিগ বন্ধ ছিল। বলতে গেলে, শাটলারদের রুটি-রুজিও বন্ধ ছিল। আশা করছি এই লিগের মাধ্যমে আবার তাদের আয়ের রুদ্ধদার খুলবে।’
তিনি যোগ করেন, থাকছে বড় অঙ্কের প্রাইজমানি, সেরা শাটলারদের উপহার তো থাকছেই। পুরুষ ও মহিলা একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈত এই পাঁচটি ইভেন্টে অংশ নিতে হবে প্রতিটি দলকে। যার মাঝে তিনটি ইভেন্টে জিততে হবে। লিগ শেষে একটি দলের অবনমন হবে।
বড় চমক হিসেবে থাকছে বসুন্ধরা ব্যাডমিন্টন ক্লাব। সাবেক সূর্যতরুণ ক্লাব কিনে নিয়েছে তারা। চ্যাম্পিয়ন হতে দেশের প্রথম সারির শাটলারদের দলে ভেড়াতে ইতোমধ্যে তারা কাজও শুরু করেছে। লিগে অংশ নেয়া ৯টি ক্লাব হলো : গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস বিসি, নিট কনসার্ন ব্যাডমিন্টন ক্লাব, মাহা স্পোর্টিং ক্লাব, ভাস্তিকা স্পোর্টস, অ্যালোরা শাটলার অ্যাকাডেমি (সাবেক কাওয়াসাকি), গুলশান স্পোর্টিং ক্লাব, বসুন্ধরা কিংস ব্যাডমিন্টন ক্লাব (সাবেক সূর্যতরুণ ক্লাব), আহ্বান ব্যাডমিন্টন ক্লাব ও ইউরোপা ইয়ুথ ব্যাডমিন্টন ক্লাব।


