সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা

ফেনী জেলার সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামের প্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে (৪০) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নির্মাণ শ্রমিক সাইফুল ইসলামকে (৩০) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ ও পিবিআই যৌথ টিম।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ক্রাইম) মো: সাইফুল ইসলাম চট্টগ্রামের নাসিরাবাদ এলাকা থেকে সাইফুলকে গ্রেফতার করার বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে চট্টগ্রামের নাসিরাবাদে পিবিআই ও পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করে।

এলাকাবাসী জানায়, সাইফুল ইসলাম নির্মাণ শ্রমিক ছাড়াও সিএনজি অটোরিকশা চালক ও মাদকাসক্ত। সে একই গ্রামের আবুল খায়েরের ছেলে।

সে মঙ্গলবার রাতে প্রবাসী মো: মানিক মিয়ার নির্মাণাধীন ঘরে তার স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ বালুচাপা দিয়ে গুম করে পালিয়ে যায় । পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে মৃতদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়। ফেনী অফিস।

ধামরাইয়ে ১২ লাখ টাকার স্বর্ণ চুরি

ঢাকার ধামরাইয়ে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের চাল কেটে সিন্ধুক ভেঙে প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ধামরাই বাজারের অভিক জুয়েলার্স নামক জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। দোকানের মালিক বিপ্লব কুমার পাল জানায়, প্রতিদিনের মতো গতরাত ৮টার দিকে দোকানে তালা দিয়ে বাসায় চলে যায়। পরে সকালে কর্মচারী দোকানে এসে সাটার খুলে দেখে সিন্ধুকের তালা ভাঙা। সে আমাকে ফোন দিয়ে জানালে দোকানে আসি। চোরেরা চালের টিন কেটে দোকানের ভেতরে ঢুকে এ চুরির ঘটনা ঘটিয়েছে। এতে স্বর্ণ ও রুপার তৈরি প্রায় ১২ লাখ টাকার অলঙ্কার নিয়ে গেছে। ধামরাই (ঢাকা) সংবাদ দাতা।

অস্ত্র ও ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছেন। নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার দুপুরে জামালপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জয়পুর মাঠপাড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় অস্ত্র (সিঙ্গেল শুটার পিস্তল), ২ রাউন্ড কার্তুজ এবং ভারতীয় ২০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা।

১৯ পিস ইয়াবায় বেকায়দায় কারবারি

মাদারীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতার এড়াতে ১৯ পিস ইয়াবা গিলে খেয়ে বেকায়দায় পড়ে এক মাদক কারবারি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। গ্রেফতার সোহাগ ফকির (৩৬) সদর উপজেলা পশ্চিম রাস্তি গ্রামের মরহুমের মোফাজ্জেল ফকিরের ছেলে। জানা যায়, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় যায় জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় সেখানকার একটি স্ব-মিলের পাশ থেকে পশ্চিম রাস্তি গ্রামের সোহাগ ফকিরকে আটক করে ডিবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সোহাগ তার সাথে থাকা একটি প্যাকেট ছিঁড়ে ১৯টি ইয়াবা গিলে খেয়ে ফেলে। পরে তার শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় আরেকটি প্যাকেটে থাকা ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদারীপুর প্রতিনিধি।

ইউএনওর সাথে মতবিমিয় সভা

ঝিনাইদহের কোটচাঁদপুরে নতুন যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার দিপা রানী সরকার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিমিয় সভা করেন। গত বুধবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংবাদ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে আপনারা আমাকে সাহায্য করবেন যেন সব কাজ সুচারুভাবে এগিয়ে নিতে পারি। এ সময় তিনি বর্তমানে তরুন কিশোরদের মাদকাসক্তি ও মাদকের ভয়াবহতা সর্ম্পকে জেনে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কার্যকর পদক্ষেপ নেবেন বলে সাংবাদিকদের কাছে প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকরা তাকে প্রকাশিত তথ্য যথাযথ ভাবে গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহণের কথা বলেন। এ সময় সাবাদিকদের মধ্যে প্রেস ক্লাব সভাপতি ও নয়া দিগন্ত সংবাদদাতা মুহা: শাহ জামান, সেক্রেটারি কামাল হাওলাদার, সাংবাদিক আলমগীর কবির,কাজি মৃদুল, আল মামুন, রেজাউল রেজা, জাহাঙ্গির হোসেন বক্তব্য রাখেন এবং উপজেলায় কর্মরত সাংবাদিক ও ফেসবুক সাংিবাদিকরা উপস্থিত ছিলেন। কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা।

ধান ও চাল ক্রয় উদ্বোধন

যশোরের শার্শার নাভারণে সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। এ বছরে সরকারিভাবে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই হাজার ৫৪৪ মেট্রিক টন। এ ছাড়া আট হাজার ৭০৭ মে. টন চাল এবং ৫৪ মে. টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বুধবার সকালে উপজেলার নাভারণ খাদ্য গুদাম চত্বরে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা সানিয়া আক্তার, কৃষি কর্মকর্তা দিপক কুমার, গুদাম কর্মকর্তা মিয়ারাজ হুসাইনসহ কৃষক ও চাল ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের শেষ দিন আগামী ৩১ আগস্ট। এবার প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা। বেনাপোল (যশোর) সংবাদদাতা।

বাগেরহাটে গণমাধ্যম কর্মীদের সেমিনার

সাংবাদিকদের প্রধান মাধ্যম তথ্য। ফ্যাক্ট চেকিং এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাংবাদিকদের সংবাদকে আরো প্রাণবন্ত করতে ও বিশ্বাসযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ গুরুত্বের দাবি রাখে বলে মন্তব্য করেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন। গতকাল বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে খুলনা পিআইডির উপ প্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ সুনু, মেহেদী হাসান, বাগেরহাট তথ্য কর্মকর্তা উপ পরিচালক মুঈনুল ইসলাম, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন মজনু, আজাদ রুহুল আমিন, বাবুল সরদার প্রমুখ। “তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট চেকিং” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা প্রশাসক গোলাম মো: বাতেন। বাগেরহাট প্রতিনিধি।

ঝুট ব্যবসা দখলে নেয়ার চেষ্টা

শিল্পাঞ্চল আশুলিয়ায় চাঁদা না দেয়ায় একটি ক্যাপ ফ্যাক্টরির ঝুট ব্যবসা দখলে নেয়ার চেষ্টা করছে একটি মহল। এরই মধ্যে শ্রমিক ও এলাকাবাসির মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে কারখানার সামনের এলাকায় বিগত তিন দিন ধরে সশস্র মহড়া দিয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ফলে কারখানার শ্রমিকসহ এলাকাবাসির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত বুধবার আশুলিয়ার নবীটেক্সটাইল এলাকার এক্সাকো লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

কারখানার সাথে চুক্তিভিত্তিক বৈধভাবে মালামাল নেয়া মেসার্স আসিফ ট্রেডার্সের মালিক আবুল বাশার জানান, নিয়মিত ওই কারখানা থেকে বৈধ চুক্তি অনুযায়ী ঝুট বের করে থাকেন। কিন্তু বেশ কিছু দিন আগে মালেক ও সাইফুল নামের দুই ব্যক্তির নেতৃত্বে ঝুট ব্যবসায়ী বাশারের কাছে প্রতিমাসে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বিগত তিন দিন কারখানা এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে সন্ত্রাসী বাহিনী নিয়ে মহড়া দিচ্ছে। আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা।