বাকৃবিতেই আইইএলটিএস দিতে পারবেন ময়মনসিংহ অঞ্চলের পরীক্ষার্থীরা

Printed Edition
আইএলটিএস পরীক্ষা কেন্দ্র স্থাপনে ব্রিটিশ কাউন্সিলের সাথে চুক্তি সই করেন বাকৃবি ভিসি : নয়া দিগন্ত
আইএলটিএস পরীক্ষা কেন্দ্র স্থাপনে ব্রিটিশ কাউন্সিলের সাথে চুক্তি সই করেন বাকৃবি ভিসি : নয়া দিগন্ত

বাকৃবি প্রতিনিধি

আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এবং ব্রিটিশ কাউন্সিলের মধ্যে চুক্তি সই হয়েছে। ফলে এখন থেকে বাকৃবির শিক্ষার্থীসহ ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীরা এখানে এসে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

গতকাল ব্রহ্মপুত্র নদের তীরে বিশ্ববিদ্যালয়ের ডে কেয়ার সেন্টারে ওই চুক্তি সই হয়।

এ সময় ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. স্টিফেন ফোর্বস। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হক, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো: সামছুল আলম, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: বাহানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের এবং ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো: শহিদুল ইসলাম।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, এই রেজিস্ট্রেশন সেন্টারের প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে। এর কারণ পরীক্ষার নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা এই নিরাপত্তা বজায় রাখতে না পারি এবং মানুষ যদি এর ওপর আস্থা হারিয়ে ফেলে, তবে পুরো প্রক্রিয়াটিই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরো বলেন, ব্রিটিশ কাউন্সিল ইংরেজি ভাষাকে উৎসাহিত করে, তবে কেবল আমাদের মাতৃভাষা হিসেবে নয় বরং আন্তর্জাতিক যোগাযোগ, শিক্ষা ও গবেষণার মাধ্যম হিসেবে। আমরা ইংরেজিকে সর্বজনীন জ্ঞান অর্জনের একটি সেতুবন্ধন মনে করি। পাশাপাশি মাতৃভাষা ও অন্যান্য ভাষাকেও সমানভাবে সম্মান করি এবং প্রতি বছর বাংলাদেশের সাথে মিলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি।

ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমি প্রত্যাশা করি ব্রিটিশ কাউন্সিল এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি দীর্ঘমেয়াদি এবং টেকসই সম্পর্ক গড়ে উঠবে। আজ আমরা আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপন দিয়ে এই যাত্রা শুরু করছি এবং আমি নিশ্চিত যে ভবিষ্যতে আমরা একসাথে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ পাবো।