দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনে ভোটাররা। আসনটির দুই পৌরসভা ও ১৫ ইউনিয়নের চার লাখ এক হাজার ৪৯৯ জন ভোটারের একটাই দাবি ‘নদীভাঙন রোধ করো’। আসনটিতে এবার চারজন প্রধান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদে মধ্যে- বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের অ্যাডভোকেট মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদী, ইসলামী আন্দোলনের আব্দুর রউফ তালুকদার ও জাপার এ কে এম ফজলুল হক বাবলু।
প্রার্থীরা যেখানে যান, সেখানকার মানুষ প্রথমে নদীভাঙন ও বাঁধ সংস্কারের দাবি তুলছেন। ভোটাররা বলছেন, আমরা আর ত্রাণে ভরসা রাখি না; ভাঙন থামলে জীবন বদলে যাবে। স্থানীয়রা জানান, যমুনা ও ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোতে প্রায় বছরব্যাপী ভাঙন চলছে; দুই উপজেলার প্রায় অর্ধেক ইউনিয়নের ৫০-৭০ শতাংশ এলাকা নদীতে বিলীন হয়েছে। ফলে শিক্ষা সেবা বিঘিœত, চাষাবাদি ক্ষতিগ্রস্ত ও দারিদ্র্য বাড়ছে।



