ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ দলের এটিই প্রথম ইউরোপ সফর নয়। এর আগে এই শতাব্দীর শুরুতে জাতীয় ফুটবল দল ভারতের সাথে ম্যাচ খেলতে ইংল্যান্ড গিয়েছিল। প্রায় ২৫ বছর পর এবার ফের ইউরোপ যাত্রা। ৫ জুন সানমেরিনোর বিপক্ষে ম্যাচ লাল-সবুজদের। এই ফিফা প্রীতি ম্যাচ খেলতেই গতকাল ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। নতুন কোচ টমাস ডুলির প্রথম মিশন এটি। আগের বারের ইউরোপ সফরে বাংলাদেশ ০-১ গোলে হেরেছিল ভারতের কাছে। তবে এবার আর পরাজয় নয়। জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, তপু বর্মন ও আনিসুর রহমান জিকোরা জয় নিয়েই ফিরতে চায়। গতকাল বিমানে ওঠার আগে এই কথাই শোনান ডিফেন্ডার তপু বর্মন। ফিফা র্যাংকিংয়ে ২১১ তে আছে সানমেরিনো। ইতালির পেটের মধ্যে অবস্থিত এই দেশের বিপক্ষে খেলতে যাওয়া বাংলাদেশের র্যাংকিং ১৮১। এই র্যাংকিং সুবিধাই কাজে লাগিয়ে জিততে চান তপু বর্মন।
বাংলাদেশ দলের সাথে আগামীকাল যোগ দেবেন হামজা চৌধুরী, শমিত শোম ও জায়ান আহমেদ। জানান ম্যানেজার আমের খান। বাংলাদেশ দলে হাভিয়ার কারবেরা যুগের অবসানের পর জার্মান বংশোদ্ভূত টমাস ডুলির পরীক্ষা পর্বও এই ম্যাচে। তার গড়া দলটি যদি ভালো কিছু করতে পারে সানমেরিনোর বিপক্ষে তাহলে বাফুফে তার সাথে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেবেন। অন্যথায় দুই বিশ^কাপ খেলা সাবেক এই মার্কিন অধিনায়কের পর্ব শেষ হবে। কারন বাফুফে এখন হামজাদের জন্য ভালো কোচের বিকল্প কোনা কিছুই ভাবছে না।
র্যাংকিংয়ে বাংলাদেশ ৩০ ধার এগিয়ে সানমেরিনোর চেয়ে। জামালের অনুপস্থিতিতে লাল-সবুজদের নেতৃত্ব দেয়া তপু বর্মনের মতে, সানমেরিনো ইউরোপের দেশ। তাদের ফুটবলাররা ইউরোপে খেলে। সানমেরিনো জাতীয় দল যাদের সাথে ম্যাচ খেলে তারাও ইউরোপের। এই ক্ষেত্রে তারা এগিয়ে। তবে আমরা তাদের চেয়ে র্যাংকিংয়ে ৩০ ধাপ অগ্রবর্তী অবস্থানে। এই সুবিধা কাজে লাগাতে চাই। সানমেরিনোকে হারিয়ে আমরা জয় নিয়েই দেশে ফিরতে চাই।’ বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার যোগ করেন, ‘এক বছর ধরে হামজা চৌধুরীরা আমাদের সাথে আছেন। শমিত শোমও যোগ দিয়েছেন। এতে করে আমাদের টিম কম্পিনেশনটা চমৎকার। বুঝাপড়াও দারুণ। এখন তারা একটু দেরিতে দলের সাথে যোগ দিলেও কোনো সমস্যা হবে না। বরং আরো ভালো হবে। মোট কথা আমরা সানমেরিনোর বিপক্ষে জয়টা দেশবাসীকে ঈদ উপহার হিসেবে দিতে চাই।’ ক্রিকেটার হালিম শাহের ছেলে সৈয়দ শাহ কাজেম কিরমানী। তার মধ্যেও জয় নিয়ে ফেরার আশা।
এবারো বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান। এবারের সফরে ব্রাদার্স ইউনিয়নের এই ম্যানেজার জয়ের ব্যাপারে বাড়তি অনুপ্রেরণা পাচ্ছেন। কারণ দলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বাফুফে সভাপিত তাবিথ আওয়াল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার মতে, বাফুফে সভাপতি এবং ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন আমরা যেন ভালো রেজাল্ট করে ফিরতে পারি। এই যে কথা এটা কিন্তু দলের জন্য বাড়তি একটি অনুপ্রেরণা। তারা কোচের সাথে কথা বলেছেন, খেলোয়াড়দের উৎসাহ জোগাচ্ছেন।
এ দিকে কোচ টমাস ডুলি ৫ তারিখের ম্যাচের জন্য অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়াকে বাদ দিয়েছেন। ফলে রক্ষণভাগে ভরসা তারিক কাজী, জায়ান আহমেদ, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ^নাথ ঘোষ, সাদউদ্দিন, তাজউদ্দিন ও ঈসা ফয়সাল। ভুটান থেকে এসে গতকাল দলের সাথে একই বিমানে উঠেছেন তারিক কাজী। ফরোয়ার্ড লাইনে ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলামদের ওপর গোল করার দায়িত্ব। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সানমেরিনো যাচ্ছেন না ফরোয়ার্ড রাকিব হোসেন।
বাংলাদেশ দল : আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, সুজন হোসেন, তারিক কাজী, তপু বর্মন, জায়ান আহমেদ, শাকিল আহাদ তপু, বিশ^নাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, ঈসা ফয়সাল, জামাল ভূঁইয়া, মো: সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, হামজা চৌধুরী, শমিত শোম, সৈয়দ শাহ কাজেম কিরমানী, ফাহামিদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম।



