নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় আবাসিক ফ্যাটে অনলাইন জুয়া ও বিদেশে অর্থ পাচার করে আসছিল ছয় চীনা নাগরিকসহ একটি সঙ্ঘবদ্ধ চক্র। তারা সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ লোপাটের উদ্দেশ্যে ফ্যাটের ভেতর শতাধিক সিম কার্ড, ল্যাপটপ, স্মার্টফোন, জিএসএম গেটওয়ের কাজ করতেন; কিন্তু শেষ রক্ষা হয়নি। উত্তরা ও তুরাগে কয়েকটি ফ্যাটে অভিযান চালিয়ে গতকাল ছয় চীনা নাগরিকসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
তারা হলেন, চীনা নাগরিক এম এ জি (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিনজি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯), জেমস ঝু (৪৩) এবং চক্রের সাথে জড়িত তিন বাংলাদেশী মো: কাউসার হোসেন (২৪), মো: আবদুল করিম (২৮) ও রোকন উদ্দিন (৪০)।
ডিএমপির ডিসি (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানান, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ এবং বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন, ডিপোজিট বোনাসের প্রলোভন এবং বিকাশ-নগদ ব্যবহার করে অবৈধ লেনদেনের তথ্য শনাক্ত করা হয়।
এসব ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে অল্প সময়ে দ্বিগুণ-তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছিল।



