আজ থেকে কলেজ ছুটি শুরু হলেও ১৫ রমজান পর্যন্ত চলবে স্কুলের ক্লাস

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার থেকে কলেজের ছুটি শুরু হলেও এবার মধ্য রমজান পর্যন্ত দেশের সব স্কুলে ক্লাস চলবে। যদিও এর আগে হাইকোর্ট থেকে আদেশ দেয়া হয়েছিল পুরো রমজানজুড়েই স্কুল বন্ধ থাকবে। কিন্তু এই আদেশের একদিন পরই শিক্ষা মন্ত্রণালয়ের দায়ের করা আপিলে আগের আদেশ স্থগিত করা হয়। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাসের ১৫ তারিখ অর্থাৎ ৫ মার্চ পর্যন্ত নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্কুলের ক্লাস চলবে। এরপর রমজান ঈদ ও অন্যান্য ছুটি মিলিয়ে লম্বা ছুটি পাবে শিক্ষার্থীরা।

সূত্র জানায়, দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় পুরো রমজান বন্ধ রাখার যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তা স্থগিত করে আদেশ দেয়ার ফলে স্কুলে ঈদুল ফিতরের ছুটি শুরু হবে আগামী ৮ মার্চ থেকে।

গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মাউশি সূত্র জানায়, হাইকোর্টের আগের নির্দেশনা স্থগিত হয়ে যাওয়ায় স্কুলের ক্লাস কার্যক্রম যথাযথভাবে চলবে, ৭ মার্চ পর্যন্ত ক্লাস হবে। ৮ মার্চ থেকে স্কুলে ঈদের ছুটি শুরু হবে। এর আগে গত রোববার এক রিট মামলার শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে। তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদরাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের ছুটি শুরু করেছেন। মাদরাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে। এ দিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী আজ বুধবার থেকে কলেজগুলোয় ঈদের ছুটি শুরু হচ্ছে। ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে।