এ নির্বাচন অপশক্তির বিরুদ্ধে জাতিসত্তার লড়াই : ড. মোশাররফ

Printed Edition
দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা :  নয়া দিগন্ত
দাউদকান্দিতে ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী গণসংযোগ ও পথসভা : নয়া দিগন্ত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে জাতিসত্তার লড়াই, তাই শুধু নিরঙ্কুশ ম্যান্ডেটই নয় এর চেয়ে বেশি ভোট দিয়ে সারা দেশে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা-১, সংসদীয় আসনের দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে নৈয়াইর বাজার বালুর মাঠে নির্বাচনী প্রচারণা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি কথা বলেন।

তিনি আরো বলেন আল্লাহর দেয়া অফুরন্ত সম্পদ আমাদের বাংলাদেশের মানচিত্রের ভিতর, তাই এ দেশীয় ফ্যাসিস্ট দালালদের সহযোগিতা নিয়ে ভিনদেশী পরাশক্তি বারবারই আমাদের দেশকে করদরাজ্য বানাতে চায় তারা। ব্যর্থ হচ্ছে শুধু জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কারণে।

আরো ইস্পাত-দৃঢ় ঐক্যের মাধ্যমে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে সারা দিন ধানের শীষে ভোট দিয়ে আবারো দেশকে রাহুমুক্ত করার উদাত্ত আহ্বান জানান ড.খন্দকার মোশাররফ হোসেন।

তারেক রহমানের আহ্বানের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের সব ভোটারকে পরামর্শ দিয়েছেন ফজর নামাজ শেষে কেন্দ্রে যাওয়া, নির্ধারিত সময় থেকে ভোট প্রদান শুরু এবং ভোট গণনা পর্যন্ত কেন্দ্র পাহারা দেয়ার।

নেতার নির্দেশ মোতাবেক শুধু একটি দিন কষ্ট করে আগামীর স্বনির্ভর দেশ গড়ার প্রত্যয়ে নারী-পুরুষ, যুবক তথা নতুন প্রজন্মের ভোটারদের কেন্দ্র ও মাঠে থাকার আহবান জানান তিনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা খোরশেদ আলম প্রধান (লুঙি- চেয়ারম্যান), সাইফুল ইসলাম পাটোয়ারী, সার্জেন্ট আব্দুর রবসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।