মেগা প্রকল্পের বদলে সামাজিক সুরক্ষাই সরকারের অগ্রাধিকার : অর্থমন্ত্রী

Printed Edition

বিশেষ সংবাদদাতা

মেগা প্রকল্পের পরিবর্তে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বেশি মনোযোগ দিচ্ছে বর্তমান সরকার। যাতে বিশেষ গোষ্ঠীর বদলে সাধারণ মানুষ উপকৃত হয়। রোববার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে বিশ্বব্যাংক ও পিকেএসএফের যৌথ অর্থায়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, বিগত দিনের দুর্নীতি ও অপচয়ের পরিপ্রেক্ষিতে এখন থেকে যেকোনো প্রকল্প গ্রহণের আগে তার ভ্যালু, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা এবং পরিবেশগত প্রভাবকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। সরকারি টাকা মানেই জনগণের ট্যাক্সের টাকা, তাই প্রতিটি প্রকল্পের পেছনে সুনির্দিষ্ট আউটপুট এবং জনগণের কাছে দায়বদ্ধতা থাকতে হবে। পরিকল্পনা কমিশনে থাকা প্রায় ১৩০০ প্রকল্পের মধ্যে যেগুলোতে কোনো রিটার্ন বা কর্মসংস্থানের সুযোগ নেই এবং পরিবেশগত দিক বিবেচনা করা হয়নি, সেগুলো বাতিল করা হচ্ছে।

সরকারের মূল লক্ষ্য ‘অর্থনীতির গণতন্ত্রায়ণ’ উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলে চলবে না, অর্থনীতিতেও সাধারণ মানুষের অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করতে হবে। এর তিনটি স্তম্ভ হলো- প্রতিটি নাগরিকের অর্থনীতিতে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা; অর্থনীতির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া; এবং যারা সবসময় অর্থনৈতিক পরিকল্পনার বাইরে ছিল তাদের মূল ধারায় সম্পৃক্ত করা।

সামাজিক ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি নারীদের হাতে অর্থ পৌঁছে দেয়া হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে চাহিদা তৈরি করবে এবং পরিবারে নারীর ক্ষমতায়ন ঘটাবে। একইভাবে কৃষকদের জন্যও কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। সংস্কৃতি ও ক্রীড়া খাতকেও জিডিপিতে অবদান রাখার মতো শক্তিশালী শিল্প হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে পিকেএসএফ জানায়, বিশ্বব্যাংক ও পিকেএসএফের যৌথ অর্থায়নে বাস্তবায়িত জঅওঝঊ প্রকল্পের আওতায় এ পর্যন্ত প্রায় দুই লাখ পাঁচ হাজার কর্মহীন তরুণকে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেয়া হয়েছে। প্রকল্পের সাফল্যে এটির সম্প্রসারণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার আওতায় আরো দুই লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তা দেয়া হবে।

পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল কাদের।