কূটনৈতিক প্রতিবেদক
বাহরাইন, ইরাক, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। উদ্ভূত পরিস্থিতিতে মতপার্থক্য নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়ে বাংলাদেশ সামরিক তৎপরতা বন্ধ করে দ্রুত আলোচনার টেবিলে অর্থাৎ কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আক্রমণের পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, ইরানে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ স্পষ্ট করে বলেছে, এই যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণ চরমভাবে বিপন্ন হবে। মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগগির ফিরে আসবে বলে বাংলাদেশ আশা করে।
এ দিকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গতকাল গণমাধ্যমের সাথে আলাপকালে বলেছেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরান ও মধ্যপ্রাচ্য সঙ্কটের সমাধান চায় বাংলাদেশ। আপাতত সেখানে অবস্থিত বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা ও সহায়তায় জোর দিচ্ছে সরকার। তিনি বলেন, আমরা চাই উত্তেজনা প্রশমিত হোক এবং এই সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে আসুক। আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশীদার হিসেবে বাংলাদেশ এখন ভৌগোলিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ। আমাদের অনেক নাগরিক মধ্যপ্রাচ্যে কর্মরত রয়েছেন। এ ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা এবং তাদের সহায়তা করা, যাতে তারা কোনো দুর্ভোগে না পড়েন।
উপদেষ্টা বলেন, প্রবাসী বাংলাদেশীদের মধ্যে যারা যাত্রী হিসেবে মধ্যপ্রাচ্যে ভ্রমণ করছেন, তাদেরও সহায়তা দেয়া হচ্ছে। যেসব দেশে আমাদের নাগরিকরা কাজ করেন প্রয়োজনে তাদের ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য সেসব দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। মধ্যপ্রাচ্য সঙ্কটে সম্ভাব্য জ্বালানি সঙ্কট সম্পর্কে হুমায়ুন কবির বলেন, এই মুহূর্তে আমাদের যে মজুদ রয়েছে, তা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। অতীতেও দেখা গেছে, বিভিন্ন সময়ে জ্বালানির দাম কিছুটা ওঠানামা করে। তবে সেসব মোকাবেলার আমাদের প্রস্তুতি রয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।



