নিজস্ব প্রতিবেদক
প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তিভিত্তিক এক বছরের নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নতুন প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএনসিসির নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়। এতে আরো বলা হয়, নিয়োগ করা প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন। এ ছাড়া অন্য কোনো আর্থিক বা সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য ডিএনসিসির প্রশাসক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছিল। ওই নিয়োগের মেয়াদ পূর্ণ হওয়ায় মোহাম্মদ এজাজের স্থলে নতুন প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, তার মেয়াদ নতুন করে আর বাড়ানো হচ্ছে না। সে জন্যই এ পদে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে, প্রশাসক মোহাম্মদ এজাজের এক বছর পূর্তি উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের গত এক বছরের কার্যক্রম তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।


