চৌদ্দগ্রামে মাদকবিরোধী সচেতনতা ও প্রতিরোধে কমিটি গঠন

Printed Edition

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

‘যেখানে মাদক, সেখানেই প্রতিরোধ’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে গণসচেতনতা তৈরির লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার সন্ধ্যায় করপাটি-বৈলপুর গ্রামের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে হাজী মনির উদ্দিন আদর্শ বালিকা বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজসেবক আহসান হাবীব বেপারি। অনুষ্ঠান পরিচালনা করেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী কাজী ইমতিয়াজ উদ্দিন।

বক্তারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে শিক্ষা, খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রতিটি পরিবার ও এলাকাকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

সমাবেশে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে তথ্য সংগ্রহ, পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক ছাড়তে আগ্রহীদের পুনর্বাসনে সহযোগিতার সিদ্ধান্ত নেয়া হয়।

সমাবেশে সর্বসম্মতিক্রমে আহসান হাবীব বেপারিকে আহ্বায়ক এবং কাজী মহিন উদ্দীন নয়নকে সদস্যসচিব করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকদের সমন্বয়ে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাছান মজুমদার, সিনিয়র সাংবাদিক এম মোশাররফ হোসাইন, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিন উদ্দীন নয়ন, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম প্রমুখ।