বিনোদন প্রতিবেদক
অবশেষে ‘দিঠি আনোয়ার’ ইউটিউব চানেলে যাত্রা শুরু হলো। গত ২৪ মে সন্ধ্যায় রাজধাীর তেজগাঁওয়ের ‘ক্রিমসন কাপ’ কফিশপে দিঠি আনোয়ারের মা জোহরা গাজী ও বড় ভাই উপলের উপস্থিতিতে দিঠির স্বপ্নের ইউটিউব চ্যানেলে ‘দিঠি আনোয়ার’র যাত্রা শুরু হলো। মূলত দিঠির বাবা দেশবরেণ্য প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা শেষ গান ‘মেঘলা আকাশ’ গানটি প্রকাশের মধ্য দিয়ে ‘দিঠি আনোয়ার’ ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু হলো। গানটির সুর সঙ্গীত ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন দিঠির সাথে এই গানের সহশিল্পী অপু আমান। গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর সবার মাঝেই বেশ সাড়া ফেলেছে। গানটি নিয়ে বিশেষত শিল্পীরা কথা বলছেন, কেউ কেউ ফেসবুকে শেয়ার করে গানটি প্রসঙ্গে নানান কথা বলছেন। অনেক দিন পর একটি চমৎকার মেলোডি ঘরানার সুন্দর গান প্রকাশের কারণে দিঠির গায়কীরও ভীষণ প্রশংসা করছেন সবাই। অর্থাৎ এই গান দিঠির বাবার লেখা গান হলেও এই গানের মধ্যদিয়ে শ্রোতা দর্শকেরা নতুন এক দিঠিকেও আবিষ্কার করেছে। দিঠি এর আগেও অনেক মৌলিক গান প্রকাশ করেছেন। কিন্তু ‘মেঘলা আকাশ’ গানে তার কণ্ঠ, তার ডেলিভারি এবং ভিডিওতে তার ব্যক্তিত্ব সম্পন্ন উপস্থিতি সবাইকে মুগ্ধ করছে। আর একজন গায়ক হিসেবে অপু আমান এই দেশের গানপ্রেমী মানুষের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন অনেক আগেই। যে কারণে দিঠির সাথে ‘মেঘলা আকাশ’ গানটি দুইজনকেই নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। দিঠি আনোয়ার বলেন, ‘অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো দিঠি আনোয়ার ইউটিউব চ্যানেলটি প্রকাশের মধ্য দিয়ে। আর আব্বুর লেখা শেষ গানটি দিয়েই এর যাত্রা মুরু হলো। সত্যিই আমি ভাষায় প্রকাশ করতে পারব না যে আমার কতোটা ভালোলাগছে। এই শুভক্ষণে আমার মা ছিলেন পাশে, আমার ভাইয়া ছিলেন পাশে, ছিলেন আরো কিছু প্রিয় মানুষ। সময়টা আমার কাছে সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে রইল। তবে এটা সত্য প্রতিটি ক্ষণে আব্বুকে খুব মিস করেছি। ধন্যবাদ অপুকে, এই আমার আবেগকে বুঝে তাকে যথাযথ সম্মান জানিয়ে গানটি করার জন্য।’ অপু আমান বলেন,‘ চাচার সামনে বসেই এই গানের সুর করেছিলাম। আজ যখন গানটি প্রকাশ হলো তখন চাচা আমাদের মাঝে না থাকলেও কেন জানি আমার মনে হয় এই সুন্দর সময়টা তিনি ঠিকই ওই দূর আকাশ থেকে দেখছেন।



