ডেঙ্গু মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে-স্বাস্থ্যমন্ত্রী

Printed Edition
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় প্রতিমন্ত্রী এম এ মুহিত উপস্থিত ছিলেন : পিআইডি
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি নিয়ে বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় প্রতিমন্ত্রী এম এ মুহিত উপস্থিত ছিলেন : পিআইডি

বাসস

ডেঙ্গু মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে ডেঙ্গু মোকাবেলায় করণীয় নিয়ে বৈঠকে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনো প্রতিদিন দু-একজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। যেহেতু এই সময়ে ডেঙ্গু দেখা দেয়, এজন্য কালক্ষেপণ না করে তা মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি আমরা।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডেঙ্গু কর্নার করা হচ্ছে। আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ফিল্ড হাসপাতাল রেডি আছে। প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় আরো ফিল্ড হাসপাতাল করা হবে।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন সভাপতিত্ব করেন। এ সময়ে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: জাহিদ রায়হান, পরিচালক (হাসপাতাল) ডা: এ এইচ এম মইনুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত প্রশিক্ষণ দিবে সোসাইটি অব মেডিসিন। ইউনিসেফসহ বিভিন্ন সংস্থাও সহায়তা করছে। কাল থেকেই কাজ শুরু হচ্ছে। ঢাকার বাইরে ৭টি বিভাগে এবং জেলাগুলোতে চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেয়া হবে। রিএজেন্ট, টেস্টিং কীটস এবং ফ্লুইড স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ কিছু সংগ্রহে আছে। চাহিদা অনুযায়ী আমরা পর্যাপ্ত পরিমাণে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি।

ডেঙ্গুর মূল উৎপত্তি নিয়ে পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, আমরা এ নিয়ে সিটি করপোরেশনের সাথে দুই মাস আগে থেকেই কাজ শুরু করেছি। সভায় ডেঙ্গুবিষয়ক একটি অ্যাপ চালু করার ব্যাপারে আলোচনা করা হয় এবং ডেঙ্গুবিষয়ক গবেষণা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ডেঙ্গুতে মৃত্যু ১

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন, দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

এই সময়ে ৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন হাজার ১৩৮ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩০৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৪ শতাংশ নারী। এই বছর ছয়জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।