মামলা জটিলতা শেষ করেই প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগ হবে

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

মামলা জটিলতায় আটকে আছে প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগ। অবশ্য এ বিষয়ে শিগগিরই একটি সুরাহা হওয়ার পক্রিয়াও শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে একটি মামলা চলমান আছে। সে কারণে ৩২ হাজারের বেশি বিদ্যালয়ে আমরা হেডমাস্টার নিয়োগ দিতে পারছি না। মামলা নিষ্পত্তি হলে ৩২ হাজার পদ পূরণ করা হবে।

গণশিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রধান শিক্ষক না থাকা বিদ্যালয়গুলোতে বর্তমানে সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। মামলা নিষ্পত্তির জন্য আমরা কোর্টের কাছে আপিল করে যাচ্ছি। যতভাবে পারি কোর্টের কাছে আপিল করে যাচ্ছি। যেহেতু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, আমরা আশাবাদী কোর্ট বিষয়টি নিয়ে খুব তাড়াতাড়ি রায় দেবে।’

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট ও শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অতিরিক্ত চাপ কমাতে কী ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং স্টার্টআপ ট্রেনিং আরো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি সামগ্রিক পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। বিষয়গুলো এখন পরিকল্পনা পর্যায়ে রয়েছে এবং কিভাবে আরো উন্নতভাবে বাস্তবায়ন করা যায়, তা পর্যালোচনা চলছে।

তিনি আরো জানান, শ্রেণীকক্ষের সংখ্যা বাড়ানো এবং এক শিফট স্কুল সম্প্রসারণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরো উন্নত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য বড় পরিসরে বিনিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে।

প্রাথমিকের যোগদানের অপেক্ষায় থাকা ১৪ হাজার সহকারী শিক্ষকের বিষয়ে তিনি বলেন, প্রশিক্ষণ শেষে তাদের যোগদান করানো হবে। প্রশিক্ষণের বিষয়ে আমরা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিকে (ন্যাপ) দায়িত্ব দিয়েছি, যাতে শিগগিরই তারা এটা করতে পারে।