গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

Printed Edition

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল সাদুল্লাপুর ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়ে এবং ছিনতাইকারী দলের দুইজনকে পুকুর থেকে তুলে বিক্ষুব্ধ জনতা মারধর করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দলের আরেক সদস্য পালিয়ে যায়। সাদুল্লাপুর থানার ওসি আলিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তে বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে, তারা এলে বিস্তারিত জানা সম্ভব হবে।