ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির প্রথম স্বতন্ত্র লার্ভা জরিপ শুরু

Printed Edition

এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় ‘প্রাক-বর্ষা এডিস মশার লার্ভা জরিপ’ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল সকালে নগর ভবনের বুড়িগঙ্গা হলে জরিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম। ১২ দিনব্যাপী এই জরিপে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ড থেকে দৈবচয়নে দুই হাজার ২৫০টি বাড়ি নমুনা হিসেবে নির্বাচন করা হয়েছে। ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার ৩৬ জন মাঠকর্মী আধুনিক ‘কবো টুলবক্স’ সফটওয়্যার ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। জরিপ শেষে ব্রেটো ইনডেক্স, হাউস ইনডেক্স, কন্টেইনার ইনডেক্স ও পিউপা ইনডেক্সের মাধ্যমে ডেঙ্গুর ‘হটস্পট’ চিহ্নিত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, ‘রোগের উৎপত্তিস্থল সঠিকভাবে শনাক্ত করা গেলে প্রাদুর্ভাব ছড়ানোর আগেই তা অঙ্কুরেই বিনষ্ট করা সম্ভব।’ বিজ্ঞপ্তি।