১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ আহত ১১২২৯ জন

এইচআরএসএসের প্রতিবেদন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

  • মোট সহিংসতার ৮০ শতাংশ বিএনপির

  • নিহতদের মধ্যে বিএনপির ১৩৪ আ’লীগের ২৬, জামায়াতের ৫ ও ইনকিলাব মঞ্চের একজন

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অর্থাৎ গত ১৭ মাসে প্রায় এক হাজার ৪১১টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৯৫ জন নিহত এবং আহত হয়েছেন ১১ হাজার ২২৯ জন। দেশজুড়ে রাজনৈতিক আধিপত্য বিস্তার, প্রতিশোধ পরায়নতা, সমাবেশ কেন্দ্রিক সহিংসতা, কমিটি গঠন নিয়ে বিরোধ, নির্বাচন কেন্দ্রিক সহিংসতা, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখল কেন্দ্রিক অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, সহিংসতার এক হাজার ৪১১টি ঘটনার মধ্যে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তর্কোন্দলে ঘটেছে ৫০ শতাংশ, যার সংখ্যা ৭০৪টি। আর এসব ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাত হাজার ১৩১ জন ও নিহত ১২১ জন। এ ছাড়া ২০৬টি বিএনপি-আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন এক হাজার ১২৭ জন ও নিহত ২১ জন। এসব সহিংসতার ঘটনার এক হাজার ১২৮টি বা ৮০ শতাংশ ঘটেছে বিএনপির অন্তর্কোন্দলে ও বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের।

অন্য দিকে ১৪৪টি বিএনপি-জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন এক হাজার ৪৫২ জন ও নিহত তিনজন। ৩০টি বিএনপি-এনসিপির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ২০৬ জন। ২৩টি আওয়ামী লীগ-এনসিপির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৬৬ জন ও নিহত একজন। ১০টি আওয়ামী লীগ-জামায়াতের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১২ জন ও নিহত দু’জন। আওয়ামী লীগের অন্তর্কোন্দলে ১৭টি ঘটনায় আহত হয়েছেন ১৯৮ জন ও নিহত ৯ জন। এনসিপির অন্তর্কোন্দলে ১৬টি ঘটনায় আহত হয়েছেন ৪৯ জন। জামায়াতের অন্তর্কোন্দলে দু’টি ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। চারটি ঘটনায় জাতীয় পার্টি-গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৩৩ জন। পুলিশ-গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন। ১৪০টি বিএনপি ও অন্যান্য দলের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং ১১২টি ঘটনা ঘটেছে অন্যান্য দলের মধ্যে।

প্রতিবেদনে আরো বলা হয়, নিহত ১৯৫ জনের মধ্যে বিএনপির ১৩৪ জন যা মোট নিহতের ৭০ শতাংশ, আওয়ামী লীগের ২৬ জন যা ১৭ শতাংশ, জামায়াতের পাঁচজন, ইনকিলাব মঞ্চের একজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন, ইউপিডিএফের ছয়জন এবং চরমপন্থী দলের তিনজন। অপর ১৯ জনের রাজনৈতিক পরিচয় মেলেনি যার মধ্যে একজন নারী রয়েছেন।

পাশাপাশি সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ওপর হামলার ২৩৬টি ঘটনায় প্রায় ১৫৬ জন নিহত হয়েছেন এবং ২৪৯ জন আহত হয়েছেন। এসব হামলায় আওয়ামী লীগের ৪৫ জন, বিএনপির ৮৬ জন, জামায়াতের একজন নারী সদস্যসহ ১১ জন ও অন্যান্য দলের ১৪ জনসহ এক হাজার ৫৯৬ ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়াও গত ১৭ মাসের রাজনৈতিক সহিংসতায় ৩০০ জনের বেশি গুলিবিদ্ধ, শতাধিক বিভিন্ন দলের রাজনৈতিক কার্যালয়সহ এক হাজার ৩০০টির বেশি বাড়িঘর, বাবসাপ্রতিষ্ঠান ও যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।