শার্শা ও বেনাপোল (যশোর) সংবাদদাতা
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে কথিত ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে কঠোর নজরদারি ও টহলের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বেতলা এলাকায় জিরো লাইনের কাঁটাতারের বেড়ার কাছে ১০০ থেকে ১১০ জনকে জড়ো করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় সীমান্তের আলো (ফ্লাডলাইট) বন্ধ করে দেয়া হয় বলেও অভিযোগ করেছে বিজিবি। বিজিবি জানায়, বেনাপোলের ১৯/৬-এস সীমান্ত পিলারের বিপরীতে ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের জয়ন্তীপুর ক্যাম্পের সদস্যরা পুশইন করার অপচেষ্টা চালায়। তবে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে কঠোর অবস্থান গ্রহণ করলে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়। তবে বর্তমানে ১০ থেকে ১২ জন এখনো সাদিপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন বলে জানা গেছে। তাদেরকেও পুশইনের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছে বিজিবি। এ কারণে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ গভীর রাতে সীমান্তের আলো বন্ধ করে দিয়ে ১০০ থেকে ১১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা সফল হতে পারেনি। তিনি আরো বলেন, এখনো ১০ থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশু কাঁটাতারের পাশে জিরো লাইনে অবস্থান করছেন। তাদেরকে বাংলাদেশে পুশইনের চেষ্টা হতে পারে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বিষয়টি সমাধানের জন্য বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি।



