নয়া দিগন্ত ডেস্ক
ফাল্গুনের মাঝামাঝিতে এসে বছরের প্রথম বৃষ্টির দেখা মিলল রাজধানীতে। গতকাল সকাল থেকেই মেঘলা ছিল ঢাকার আকাশ। বেলা ৩টার পর এক-দুই ফোঁটা করে ঝরতে থাকা বৃষ্টি হঠাৎ করে ঝুম বর্ষণে রূপ নেয়। তবে এর স্থায়িত্ব বেশি সময় ছিল না।
এর আগে গত বছরের ৭ নভেম্বর রাজধানীতে সর্বশেষ বৃষ্টি হয়েছিল। তার ১১৪ দিন পর গতকাল বৃষ্টির দেখা পেয়েছে ঢাকাবাসী।
এ দিকে হঠাৎ বৃষ্টিতে সড়কে থাকা পথচারী আর যাত্রীরা আটকা পড়েন। কেউ কেউ আশ্রয় নেন রাস্তার পাশের অস্থায়ী দোকানের নিচে।
ঢাকা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো: তরিফুল নেওয়াজ কবির বলেন, এটি রাজধানীতে মৌসুমের প্রথম বৃষ্টি। ঢাকা ছাড়াও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
চলতি মার্চ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে অধিদফতর জানিয়েছিল, মার্চে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
এ ছাড়া এ মাসে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের গতকালে নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বঙ্গোগপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বুলেটিনে গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।



