ময়মনসিংহ অফিস
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সেই সাথে গয়েশপুর বাজারে বিএনপি কার্যালয় ও একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও দলীয় কোন্দলকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাগলা থানা ছাত্রদলের সদস্যসচিব সুখেন আহমদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘরে বসার মতো একটি চেয়ারও নেই, আলমারি ভেঙে টাকা-স্বর্ণ নিয়ে গেছে। তার দাবি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেয়ার জেরেই তার বাড়িতে এই হামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইথল ইউনিয়নের বিএনপির কয়েক নেতার নেতৃত্বে দুই শতাধিক লোক আগ্নেয়াস্ত্র, রামদা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে মিছিল নিয়ে গয়েশপুর বাজারে ঢুকেই এলোপাতাড়ি ভাঙচুর, লুটপাট ও হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে বিএনপি নেতা সাইদুর রহমান লিটনের ব্যবসাপ্রতিষ্ঠানে আক্রমণ করে। পরে একে একে বাজারের আরো কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। একপর্যায়ে স্থানীয় বিএনপি কার্যালয়েও হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। জেলা বিএনপি নেতা ডা: মুফাখখারুল ইসলাম রানা নিয়মিত যে কার্যালয়ে বৈঠক করতেন, সেটিও রক্ষা পায়নি। এরপর হামলাকারীদের একটি অংশ ছাত্রদল নেতা সুখেন আহমদের বাড়িতে হামলা চালায়।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘরের আসবাবপত্র, আলমারি, খাট, টেবিল-চেয়ার, লাগেজসহ সবকিছু ভেঙে তছনছ করা হয়েছে। আলমারি ও সুটকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাপড়চোপড় লুট করা হয়। এমনকি রান্নাঘরের টিনের দেয়াল কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়। সেই সাথে পানির ট্যাংক ফুটো এবং মোটরের সংযোগ কেটে দেয়ায় খাবার পানির সঙ্কটও দেখা দিয়েছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, গত শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে পাইথলে একটি বড় আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অংশ নেন। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়।
এ দিকে ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে পাগলা থানার ওসিকে একাধিকরবার ফোন দিলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।



