রাজশাহী ব্যুরো
রাজশাহীর ঐতিহ্যবাহী ‘রাজশাহী সিল্ক’ বা রেশম শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু। শুক্রবার সকালে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন ২০২৫ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীর সোনালি আঁশ পাটের ঐতিহ্য এখনো কিছুটা টিকে থাকলেও রেশম শিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। ব্র্যাকের বিশাল সাংগঠনিক সক্ষমতা এবং বিভিন্ন খাতে (যেমন : ব্র্যাক ব্যাংক, বিকাশ, আড়ং, ব্র্যাক ফিন্যান্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স) তাদের সফল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই শিল্পকে পুনরুজ্জীবিত করা সম্ভব।
মন্ত্রী আশা প্রকাশ করেন যে, ব্র্যাক যেন রাজশাহীর এই সিল্ক শিল্পকে পুনরায় বিশ্বব্যাপী পরিচিত করে তোলার দায়িত্ব নেয়।
ভূমিমন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্র্যাকের কাজের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। সরকারের সাথে আলোচনায় প্রধানমন্ত্রী আগামী দিনে স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্র্যাকের সর্বোচ্চ সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করেন। তিনি বলেন ব্র্যাক সারা বিশ্বে তাদের কার্যক্রম পরিচালনা করলেও, নিজ দেশে (মাতৃভূমিতে) বিশেষ করে রাজশাহীর উন্নয়নে তারা যেন আগের মতো জোরালো ভূমিকা পালন করে, সেই আহ্বান জানান ভূমিমন্ত্রী।
রাজশাহীর পবা-মোহনপুর আসনের এমপি শফিকুল হক মিলন বলেন, রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষি খাতের আধুনিকায়নে একটি কৃষিভিত্তিক রফতানি প্রক্রিয়াকরণ এলাকা (অ্যাগ্রো ইপিজেড) ও বিশেষায়িত কোল্ড স্টোরেজ স্থাপন করা প্রয়োজন। সম্প্রতি এই অঞ্চলের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি গবেষণাকে অগ্রাধিকার দিয়ে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন এমপি মিলন।
তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিশেষায়িত মেডিক্যাল হাসপাতাল স্থাপন করা প্রয়োজন। এ ছাড়া কেবল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন নয় বরং খাদ্যপণ্য বিদেশে রফতানির লক্ষ্যে একটি অ্যাগ্রো ইপিজেড গড়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পচনশীল পণ্য সংরক্ষণের জন্য এই অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
এমপি মিলন বলেন, রাজশাহীর মোহনপুর এলাকার অন্যতম প্রধান অর্থকরী ফসল ‘পান’ দীর্ঘ দিন ধরে এক ধরণের ভাইরাসে আক্রান্ত। দীর্ঘ মেয়াদি গবেষণা সত্ত্বেও এর কোনো কার্যকর সমাধান না আসায় চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ভাইরাস দমনে এবং অর্থকরী ফসলের মান উন্নয়নে সরকারি ও বেসরকারি পর্যায়ে জোরালো গবেষণার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলে ভূ-গর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ স্থাপনে চরম সঙ্কট দেখা দিচ্ছে। এই সমস্যা সমাধানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মাধ্যমে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন এবং সংরক্ষণের প্রকল্প গ্রহণের দাবি জানান তিনি। পাশাপাশি, এই অঞ্চলের বিশাল পতিত জমি ও বিলগুলোতে সৌর বিদ্যুৎ (সোলার প্যানেল) প্রকল্প স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা কাজে লাগানোর প্রস্তাব দেন এমপি।
অঞ্চলটিতে ক্ষুদ্রঋণের কিস্তি আদায়ের ক্ষেত্রে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে বক্তারা বলেন, ঋণের চাপে অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঋণ আদায়ের প্রক্রিয়াটিকে আরো মানবিক ও প্রশিক্ষণলব্ধ করা দরকার। এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্র্যাকের মতো বড় উন্নয়ন সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান তারা।
ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোর্শেদ বলেন, ব্র্যাকের কর্মকাণ্ডের একটি বড় অংশই যেহেতু নিজেদের অর্থায়নে পরিচালিত হয়, তাই মানুষ ও দেশের প্রয়োজনে ব্র্যাক নিজেদের সিদ্ধান্তেই উন্নয়নমূলক যেকোনো কাজ হাতে নিতে পারে। এ জন্য কারো অনুমোদন বা পরামর্শের প্রয়োজন হয় না।
অনুষ্ঠানে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ মহাপরিদর্শক মো: শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপ উপাচার্য অধ্যাপক ড. মো: ফরিদ উদ্দীন খান, রাজশাহী জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: মোহাম্মদ জাওয়াদুল হক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রাজশাহী জেলা সভাপতি প্রফেসর ডা: মো: ওয়াসিম হোসেন, অ্যাডভোকেট মো: এনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।



