ক্রীড়া ডেস্ক
দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ২০১২ থেকে দলের দায়িত্বে থাকা অভিজ্ঞ কোচ দিদিয়ের দেশম আসন্ন বিশ্বকাপের জন্য তার পছন্দের দল চূড়ান্ত করেছেন। তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে দল ঘোষণার পর দেশম বলেন, ‘আমাদের নিয়ে প্রত্যাশা থাকবেই। আমরা অনেক ম্যাচ জিতেছি বলেই এখন ফেভারিটদের একটি হিসেবে বিবেচিত হচ্ছি। তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে আরো ছয়-সাতটি দলও শিরোপার দাবিদার।’স্কোয়াড ঘোষণার আগে সবচেয়ে বেশি আলোচনা ছিল তৃতীয় গোলরক্ষক নিয়ে। শেষ পর্যন্ত আরসি লেনের ২১ বছর বয়সী গোলরক্ষক রবিন রিজার জায়গা পেয়েছেন দলে। সম্প্রতি লিগ-১ এর সেরা গোলরক্ষক নির্বাচিত হন তিনি। মূল একাদশে অবশ্য আস্থার প্রতীক হয়ে থাকছেন মাইক মাইগনান। তার সাথে ব্যাকআপ হিসেবে রয়েছেন ব্রিস সম্ভা। ফ্রান্সের আক্রমণভাগে কিছু পরিবর্তন এসেছে চোটের কারণে। অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন গুগো একিটিকে। তার জায়গায় দলে ফিরেছেন ফিলিপ মাতেতা। বিশ্বকাপ বাছাইয়ে তিন ম্যাচ খেলে দু’টি গোল করেছিলেন এই স্ট্রাইকার। দলে আছেন সাম্প্রতিক দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডে সেরা পুরুষ ফুটবলারের পুরস্কারজয়ী উসমান দেম্বলে আছেন স্কোয়াডে। এ ছাড়া ফরাসিদের আক্রমণের কেন্দ্রবিন্দুতে থাকবেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে ১৪ ম্যাচে ১২ গোল করা এমবাপ্পের সামনে রেকর্ড গড়ার সুযোগ রয়েছে।



