মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে ৩টি দোকানঘর ভস্মীভূত

Printed Edition

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর মির্জাগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি দোকানঘরসহ মালামাল ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সুবিদখালী বাসস্ট্যান্ড-সংলগ্ন শ্রীমন্ত নদীর ওপর হজরত ইয়ার উদ্দিন খলিফা (র:) ব্রিজের পশ্চিম ঢালে এ ঘটনাটি ঘটে।

ফাতেমা বেগম, সোহেল মাঝি ও আনোয়ার কাজী এ তিনটি চা-পানের দোকানের মালিক। তবে ধারণা করা হচ্ছে, সোহেল মাঝির চায়ের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। অন্তত দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। তবে অসহায় ফাতেমার ক্ষতির পরিমাণ বেশি।

মির্জাগঞ্জ ফারার সার্ভিস স্টেশনের টিম লিডার মো: ইব্রাহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। বৈদ্যুকিত শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়। এতে ঘরের মালামালসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, ঘরের ভেতরে গ্যাসের সিলিন্ডার ছিল। গ্যাসের সিলিন্ডার বিম্ফোরণ হলে ক্ষতির পরিমাণ আরো বাড়তো।