চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণে ২ জন নিহত তিনজন আহত

Printed Edition

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে দু’জন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা ক্ষতবিক্ষত হওয়ার কারণে তাদের পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। আহতরা হলেন- বজলু, শুভ ও মিনহাজ নামে তিন যুবক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, শনিবার ভোর ৫টার দিকে ফাটাপাড়া গ্রামের কালামের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা তৈরির সময় শক্তিশালী বিস্ফোরণের কারণে ঘরটির দেয়াল এবং ঘরের সব টিন উড়ে গেছে। বিস্ফোরণের কারণে নিহত দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। চেহারা বিকৃত হওয়ায় তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে পুলিশ, বিজিবি এবং র‌্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতি হিসেবে ককটেল তৈরির কাজ চলছিল বলে ঘটনাস্থল পরিদর্শনে আশা রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি শাহজাহান মত প্রকাশ করেন। তিনি জানান, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি যাতে কোনো বিঘœ না ঘটে সে ব্যাপারে পুলিশ ভূমিকা গ্রহণ করছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান বোমা ডিসপোজাল ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে। ঘটনার মোটিভ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগে নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রতিপক্ষের মধ্যে এলাকায় একটি চাপা উত্তেজনা বিরাজ করছিল। চর বাগ ডাঙ্গায় পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে বোমা তৈরির কাজ চলছিল। এ দিকে পরবর্তীতে ঘটনা সম্পর্কে একটি সংবাদ সম্মেলন করে পুরো ঘটনার চিত্র উপস্থাপন করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।