কক্সবাজারের চকরিয়ায় সালাহউদ্দিন

বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে

Printed Edition
বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে
বিএনপি গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে

কক্সবাজার অফিস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ৩১ দফাতেই প্রতিশ্রুতি দিয়েছে এ দেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে। গণমাধ্যমের জন্য আলাদা সংস্কার কমিশন করে সেসব রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছে বিএনপি।

ইতোমধ্যে একটা গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, সেই সংস্কার কমিশনের প্রস্তাবগুলোও বিএনপি পর্যালোচনা করবে।

তিনি গতকাল সকালে চকরিয়ায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে চকরিয়া পেকুয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সে দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হয়েছে। সালাহউদ্দিন বলেন, এই পৃথিবীতে এখন তথ্য আদানপ্রদান এত সহজ যে মুহূর্তের মধ্যেই তথ্য ছড়িয়ে যাচ্ছে বিশ্বব্যাপী। সুতারং সবাইকে অত্যন্ত সাবধানতার সাথে কাজ করতে হবে যাতে করে দেশের সম্মান সমুন্নত রাখা যায়।

তিনি আরো বলেন, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণমাধ্যমের উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছিল ৯১ সাল থেকে বেগম জিয়ার হাত ধরে। তখন থেকে দেশে ইলেকট্রনিক মিডিয়ার ধারা অবারিত হয়েছে। গণমাধ্যমের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করা হয়েছিল। গণমাধ্যম বিকশিত হয়েছিল। গণমাধ্যমের লক্ষ্য হওয়া উচিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা করা। দেশের গণতন্ত্রকে সুরক্ষা করা। সালাহউদ্দিন আহমেদ আরো বলেন, আমি যেটা সাংবাদিক বন্ধুদের সমাবেশে বলে থাকি সেটি হলো সাংবাদিক বন্ধুরা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করে।

এতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব উর রহমানসহ চকরিয়া পেকুয়ার গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।