ঢাকায় সুবিধা বঞ্চিতদের মাঝে জামায়াতের গোশত বিতরণ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে গোশত বিতরণ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। এ ছাড়া জুলাই শহীদ পরিবারের সাথে ঈদুল আজহা উদযাপন এবং কুরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নেন নেতারা।

ঈদের দিন দুপুরে রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে রাজধানীর বেইলি রোডে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে গোশত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি দলীয় নেতাকর্মীদের বর্জ্য অপসারণের নির্দেশ দিয়ে বলেন, ঢাকা সিটি করপোরেশন ব্যর্থ হলেও জামায়াতে ইসলামী সফলভাবে কুরবানির বর্জ্য অপসারণ করবে। আমাদের অতীত অভিজ্ঞতা প্রমাণ করে সিটি করপোরেশন বর্জ্য অপসারণসহ সার্বিক কার্যক্রমে বরাবরই জনগণকে যথাযথ সেবা দিতে ব্যর্থ।

এ সময় তিনি আরো জানান, ঢাকা মহানগরীর প্রতিটি এলাকায় জামায়াতে ইসলামীর কর্মীরা সকাল থেকে দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে কুরবানির গোশত বিতরণের লক্ষ্যে পশু জবাই করে প্রস্তুত করছে। তিনি নিজেও কয়েকটি এলাকায় গিয়ে গোশত বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিটি শহীদ পরিবারকে জামায়াতে ইসলামী নিজের পরিবার মনে করে শুরু থেকে আজ পর্যন্ত মানবিক দায়িত্ব পালন করে আসছে, আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে। এ ছাড়াও আহত জুলাই যোদ্ধাদের যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামী পাশে ছিল, আছে এবং থাকবে। ঈদের দিন নিজে শহীদ পরিবারগুলোতে ছুটে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিরোধীদলীয় নেতা আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান শহীদ পরিবারকে জামায়াতে ইসলামীর পরিবার হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা সেই ঘোষণা ও নির্দেশনার আলোকে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা শহীদ পরিবারের প্রতি মানবিক দায়িত্ব পালন করে আসছি। শহীদের স্বপ্নের ন্যায় ও ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী আপোষহীন ভূমিকা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১৯ নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী আব্দুস সাত্তার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি মো: আতিকুর রহমান, স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ আল ফারুকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

কুরবানির বর্জ্য অপসারণে চরম অব্যবস্থাপনার অভিযোগ সেলিম উদ্দিনের : রাজধানীতে কুরবানির পশুর বর্জ্য অপসারণে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। একই সাথে তিনি অভিযোগ করেন, গরুর হাটে টোকেনের নামে চাঁদাবাজি হলেও তা নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।