হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকমুক্ত সমাজ ও বেকারত্ব দূরীকরণে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানানো হয়েছে। গত রোববার রাতে রেলওয়ে পার্কিং ময়দানে শায়েস্তাগঞ্জ কওমি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘মাদক ও বেকারত্ব দূরীকরণে ইসলামের দিকনির্দেশনা’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক সম্মেলনে বক্তারা এই আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা শীলন বাংলাদেশের চেয়ারম্যান সাংবাদিক হাফেজ মাওলানা মাসউদুল কাদির বলেন, ‘বেকারত্বকে ভয় করলে চলবে না, এই বেকারত্ব দূর করতে নিজেদেরকে উদ্যোক্তা হতে হবে। প্রয়োজনে ছোট থেকেই শুরু করতে হবে।’ তিনি মাদকসেবীদের ভালোবাসা দিয়ে সুপথে ফিরিয়ে আনার আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, ‘মাদক ও বেকারত্ব মোকাবেলায় শায়েস্তাগঞ্জ কওমি ওলামা পরিষদ কাজ করছে- এ নিয়ে শায়েস্তাগঞ্জবাসী গর্ব করতে পারে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী রুস্তম। এতে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা জিয়াউল হক চৌধুরী। পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম মোতালিব ও মাওলানা কবি আলী হুসাইন ইমন। এ সময় আরো বক্তব্য দেন- মুফতি রফিক বিন বদরুল হুদা, আব্দুল আজিজ, ফজলু মিয়া ফজল, হাফেজ নূরুল আমীন, মাওলানা নিজামুদ্দিন মিসবাহ, অধ্যাপক ফিরুজুল ইসলামসহ আরো অনেকে। বিজ্ঞপ্তি।



