নয়া দিগন্ত ডেস্ক
পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও কলেজছাত্রসহ ৪ জন নিহত হয়েছেন।
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় লিহান হাসান (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। নিহত লিহান হাসান চৌগাছা সরকারি কলেজের শিক্ষার্থী ও উপজেলার ফুলসারা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। মঙ্গলবার বিকেলে চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলী ঝাউতলা মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- উপজেলার ফুলসারা গ্রামের নাদিবুজ্জামানের ছেলে শাহাদাত হোসেন (১৮) ও বলিদাপাড়া গ্রামের মজেহার বিশ্বাসের ছেলে আব্দুর রহমান (৫০) ও তার স্ত্রী ছালামা বেগম (৪৫) ।
জানা যায়, মোটরসাইকেল চালক কলেজ শিক্ষার্থী লিহান হাসান (১৯) ও তার বন্ধু শাহাদাত হোসেন (১৮) ফুলসারা গ্রামের বাড়ী থেকে এপাচি আরটিআর মোটরসাইকেল (যাহার নাম্বার যশোরল-১৫-৪৬০৭) যোগে চৌগাছা বাজারের দিকে আসছিল। তারা পথে সিংহঝুলী ঝাউতলা মোড় নামক স্থানে পৌঁছালে পার্শ্ব রাস্তা থেকে আব্দুর রহমান তার স্ত্রী ছালমা বেগমকে নিয়ে আসা একটি ব্যাটারিচালিত স্কুটির ব্রেক করলে জাগায় পড়ে যায়। পরে এপাচি আরটিআর গাড়িতে অতিরিক্ত গতি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে উক্ত স্কুটির সাথে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলে থাকা দুইজনই ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় চারজনই আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসক লিহান হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।
ভালুকা (ময়মনসিংহ) জানান, ময়মনসিংহের ভালুকায় পিকআপের ধাক্কায় রিপন মিয়া (৫২) নামে এক মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌরএলাকার ইসলামী ব্যাংকের সামনে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে পৌরএলাকার ইসলামী ব্যাংকের সামনে বিকল হয়ে যাওয়া মুরগি ভর্তি একটি পিকআপ (নম্বর-ঢাকা-মেট্রো ন-১৪-৮৭৯৮) মেরামত করার সময় ঢাকাগামী আরেকটি মুরগি ভর্তি পিকআপ (রেজি: নম্বর-ঢাকা মেট্রো ন-১৩-৪৪০৮) পিছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া গাড়িতে থাকা ব্যবসায়ী রিপন মিয়া ঘটনাস্থলেই মারা যান। নিহত রিপন মিয়া পাশের গফরগাঁও উপজেলার ধামাইল দেওয়ানবাড়ি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩০) আহত হন।
সিলেট ব্যুরো জানায়, সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় মো: ফখরুল ইসলাম তেরা মিয়া (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে শেওলা-জকিগঞ্জ সড়কের আনন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাতে দুর্ঘটনার বিষয়টি জানাজানি হয়। নিহত ফখরুল ইসলাম তেরা মিয়া জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের মৃত আব্দুশ শুক্কুর মিয়ার ছেলে। তিনি উপজেলা সমাজসেবা কার্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস সহকারী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জকিগঞ্জ বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন তেরা মিয়া। আনন্দপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তবে সিলেট নেয়ার পথেই সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের জাফলং এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নয়ন নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের মামার বাজার থেকে মোহাম্মদপুর সড়কের পচু মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন পশ্চিম কালিনগর এলাকায় ভাড়াটিয়া বসবাসরত খাইরুল ইসলামের ছেলে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শিশুটি সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জৈন্তাপুর মেডিক্যালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


