স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

পদ্মা-ধলেশ্বরীর ভাঙনে হুমকিতে জনপদ

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা ও ধলেশ্বরী নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের কুন্ডেরবাজার, কাইচাইলসহ বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দ্রুত নদীতীর সংরক্ষণ এবং স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

গত রোববার দুপুরে উপজেলার কাপুড়ে দীঘিরপাড় এলাকায় আয়োজিত এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। এ সময় তারা নদীভাঙন রোধে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় বক্তারা বলেন, পদ্মা ও ধলেশ্বরী নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে এলাকার শত শত পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। বসতবাড়ি, মসজিদ, মাদরাসা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিপুল পরিমাণ ফসলি জমি ভাঙনের হুমকিতে রয়েছে। দ্রুত জিও ব্যাগ বা কংক্রিট ব্লক ফেলে নদীতীর রক্ষা করা না হলে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বৃহৎ এলাকা নদীতে চলে যেতে পারে।

স্থানীয়রা জানান, নদীভাঙনের কারণে ইতোমধ্যে অনেক পরিবার একাধিকবার বসতভিটা হারিয়েছে। বর্তমানে অবশিষ্ট জমিও হারানোর শঙ্কায় রয়েছেন তারা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার পেলে আপাতত কিছু অস্থায়ী ব্যবস্থা নেয়ার চেষ্টা করা যেতে পারে। তবে স্থায়ী বাঁধ নির্মাণ দীর্ঘমেয়াদি প্রকল্পের বিষয়, যা নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমেই বাস্তবায়ন করতে হয়।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ তার সাথে যোগাযোগ করেননি। তবে এলাকাবাসী যোগাযোগ করলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

মানববন্ধন শেষে এলাকাবাসী কুন্ডেরবাজার, কাইচাইল ও আশপাশের জনপদ রক্ষায় দ্রুত নদীশাসন কার্যক্রম শুরুর দাবি জানান।