ক্রীড়া ডেস্ক
প্রথম ম্যাচে অল্পের জন্য জয় বঞ্চিত নেদারল্যান্ডস। শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানকে প্রায় ধরেই ফেলেছিল ইউরোপিয়ান দেশটি। টি-২০ বিশ^কাপের সাবেক চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত জিততে পেরেছিল ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে। তাই ৩ উইকেট হাতে রেখে তিন বল বাকি থাকতে জয় সালমান আলী আগাদের। সেই কষ্টকর হারের ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেল ডাচরা। গতকাল নয়াদিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে তাদের হাতে ধরা দিল টি-২০ বিশ^কাপের প্রথম জয়। আফ্রিকার দেশ নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়ে পেছনে ফেলেছে পাকিস্তানকেও। পাকিস্তান এবং নেদারল্যান্ডস। দুই দলের পয়েন্ট সমান। তবে রান রেটে বাবর আজমদের পেছনে ফেলেছে ডাচরা। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস তিন দলেরই একটি করে জয়। তবে পাকিস্তানের রান রেটের চেয়ে এগিয়ে তারা। উপমহাদেশের দেশটির রান রেট এখন ০.২৪০। অন্য দিকে নেদারল্যান্ডস ০.৩৫৬ রান রেটে নিয়ে এগিয়ে গেছে।
টস জিতে নামিবিয়ারে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ড। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই উইকেট পড়লেও পরের জুটি হাল ধরে নামিবিয়ার। জান ফ্রাইলিংক এবং জান নিকোল লফটিই দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান তোলেন। লোগান ভ্যান বিকের বলে আউট হওয়ার আগ পর্যন্ত ৩০ রান করেন জান ফ্রাইলিংক। দলীয় ৯৫ রানে অধিনায়ক গেরহার্ড এরাসমুস ১৮ করে প্যাভিলিয়নে ফেরার পর জান নিকেল ৪২ রানে আটকা পড়েন। তাকেও আউট করেন ভ্যান বিক। এরপর জেজে স্মিথ ১৫ বলে ২২ রান করলে নামিবিয়ার স্কোর দাঁড়ায় ৮ ইউকেটে ১৫৬। প্রতিপক্ষের চার সেরা ব্যাটারকে ভাগাভাগি করে আউট করেছেন ভ্যান বিক ও ভাস ডি লিডি। ভ্যান বিক ১৩ রানে এবং ডি লিডি ২০ রানে দুটি করে উইকেট নেন।
১৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ধাক্কা খায় শুরুতেই। তৃতীয় ওভারের প্রথম বলেই দরীয় ১৬ রানে প্যাভিলিয়ন মুখী হন ওপেনার ম্যাক্স ও’ডউড। তার স্কোর ছিল ৭। তবে এরপর দলকে বিপদে পড়তে দেননি ভাস ডি লিডি, মাইকেল লেভিট, কলিন একারম্যান ও স্কট এডোয়ার্ডস। ৪৮ বলে ৫ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন ডি লিডি। ফলে বল হাতে দুই উইকেট নেয়ার সাথে সাথে এই সত্তর পেরুনো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ডাচ অলরাউন্ডারটি।
৩ ছক্কা ও এক বাউন্ডারিতে ১৫ বলে ২১ রান করেন লেভিট। একারম্যানের ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩২ রান। এছাড়া কলিন অ্যাডোয়ার্ডস এক ছক্কা ও এক চারে ৯ বলে ১৮ রান করে দলকে জয় পেতে সহায়তা করেন। একটি করে উইকেট নিয়েছেন নামিবিয়ার বেনার্ড, রুবেন তুমফেলমান ও জান নিকল।


