বর্ষাকালে শাক-পাতা খাওয়া নিয়ে বিভিন্ন সতর্কবার্তা শোনা যায়। অতিরিক্ত আর্দ্রতার কারণে এই সময়ে শাকে ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবীর সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই অনেকেই বর্ষাকালে পাতে শাক রাখা এড়িয়ে চলেন। তবে পুষ্টিবিদদের মতে, সহজলভ্য, সস্তা ও পুষ্টিগুণে ভরপুর পুঁইশাক সঠিকভাবে পরিষ্কার করে রান্না করলে বর্ষাকালেও নিরাপদে খাওয়া যায়।
ডায়েটিশিয়ান মতে, পুঁইশাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এ, বি ও সি। পাশাপাশি এতে আছে ক্যালসিয়াম, আয়রন, ফলিক এসিড, পটাশিয়াম ও জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। তাই এটি শুধু সুস্বাদুই নয়, শরীরের জন্যও অত্যন্ত উপকারী।
পুঁইশাকের প্রচুর খাদ্যআঁশ বা ফাইবার হজমশক্তি উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য কমায়। এর বীজও প্রাকৃতিকভাবে অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়ক।
এ ছাড়া পুঁইশাকে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সাথে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত ক্যালসিয়াম বের হয়ে যাওয়ার প্রবণতাও কমায়। ফলে নিয়মিত পুঁইশাক খেলে অস্টিওপোরোসিসের ঝুঁকি কিছুটা কমতে পারে। ইন্টারনেট।



