চট্টগ্রাম বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন সরকারি গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের যৌথ অভিযানে এক হাজার ৬৯৮ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে। প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের জব্দকৃত এই চালানের মধ্যে বিশ্বখ্যাত মন্ড ও ম্যানচেস্টার ব্র্যান্ডের সিগারেট রয়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, রোববার রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আগত এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ এবং লাগেজ বেল্ট থেকে এই বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়।

ওই তিন যাত্রী হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা মো: মোস্তফা কামাল সুমন, চট্টগ্রামের হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার এবং রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, রোববার রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও বিমানবন্দর কাস্টমস শাখার একটি যৌথ দল আন্তর্জাতিক আগমন হলের ৩ নম্বর গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার ‘জি-৯৫২০’ ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এক হাজার দুই কার্টন সিগারেট পাওয়া যায়। একই সময়ে আগমনী হলের লাগেজ বেল্টে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা আরো ৬৯৬ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা এই সিগারেট থেকে সম্ভাব্য সরকারি রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ৩৩ লাখ ৯৬ হাজার টাকা। উদ্ধার হওয়া পুরো চালানটি ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউজের হেফাজতে পাঠানো হয়েছে।