ফের লিভারপুলকে হারাল গ্যালাতাসারাই

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গ্যালাতাসারাইয়ের বিপক্ষে আবার ধাক্কা খেল লিভারপুল। কোচ হিসেবেও আর্নে স্লটের ১০০তম ম্যাচটি সুখকর হলো না। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে গত পরশু ১-০ গোলে হেরেছে তার দল। গ্রুপ পর্বের ম্যাচে গত ১ অক্টোবর তুরস্কের ক্লাবটি কাছে একই ব্যবধানে হেরেছিল লিভারপুল। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপা ধরে রাখা থেকে ইতোমধ্যে অনেক দূরে সরে গেছে। সেই সাথে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও খেলার জায়গা ধরে রাখতে লড়াই করছে দলটি। এবার ইউরোপসেরার প্রতিযোগিতায়ও বড় ধরনের হোঁচট। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে অ্যানফিল্ডে। ঘরের মাঠে কি ঘুরে দাঁড়াতে পারবে লিভারপুল?

তুরস্কের রেমস পার্কে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল তীব্র গতি ও উত্তেজনা। তুর্কি লিগের শীর্ষে থাকা গালাতাসারাইয়ের হয়ে ম্যাচের ৭ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেড করে জাল খুঁজে নেন মারিও লেমিনা। এর আগে বলটি নামিয়ে দিয়েছিলেন ভিক্টর ওসিমেন। গোল হজমের পর বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি লিভারপুল। বিশেষ করে ফ্লোরিয়ান ভির্টজ দু’টি দারুণ সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে ওসিমেন আরেকবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে রক্ষা পায় লিভারপুল। সমতায় ফেরার সুযোগ ছিল সফরকারীদেরও। বল জালে জড়িয়েছিলেন ইব্রাহিমা কোনাতে। কিন্তু ভিএআর চেকের পর হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ম্যাচের শেষ দিকে লিভারপুল চাপ বাড়ালেও কোনো বিপদ হতে দেননি গালাতাসারাইয়ের গোলরক্ষক উগারকেন সাকির। নিজেদের প্রথম ভালো সুযোগেই এগিয়ে গিয়ে তা ধরে রেখে ঘরের মাঠে চমৎকার জয় পেল তুরস্কের ক্লাবটি। আগামী সপ্তাহে ঘরের মাঠ অ্যানফিল্ডে গ্যালাতাসারাইকে হারানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে লিভারপুল। আর সেই ম্যাচে ড্র অথবা জয়ী হলে কোয়ার্টারে জায়গা করে নেবে গ্যালাতাসারাই।

ইউরোপসেরার প্রতিযোগিতটি এদিন আটালান্টাকে গোলবন্যায় ভাসিয়েছে জার্মান লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। সিরি ‘আ’র দলটিকে তাদেরই মাঠে ৬-১ ব্যবধানে হারিয়েছে বাভারিয়ানরা। এ দিকে নিজেদের মাঠে গোলের উৎসব করেছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদও। ইংলিশ প্রিমিয়ার ক্লাব টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৫-২ ব্যবধানে জিতেছে মাদ্রিদের দলটি।

ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড এ দিন জয়ের দ্বারপ্রান্তে গিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়ে। ৮৬ মিনিটে প্রথমবারের শটে স্বাগতিকদের এগিয়ে দেন হার্ভে বার্নস। শেষ সময়ে পেনাল্টি থেকে বার্সাকে উদ্ধার করেন লামিনে ইয়ামাল।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরে গ্রুপ পর্বে জার্মান ক্লাব আইনট্রাক্ট ফ্রাঙ্কফুটের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরে শুরু করা গ্যালাতাসারাই চমক দেখায় লিভারপুলকে হারিয়ে। এরপর আসরের চমক জাগানো নরওয়ের ক্লাব বুদো/গ্লিমি বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়, ডাচ ক্লাব অ্যাজাক্সকেও ৩-০তে হারিয়েছিল তুরস্কের ক্লাবটি। সবশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে পরাজিত হলেও এর আগের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ১-১ গোলে ড্র করে নকআউটের শেষ ষোলোর প্লে অফে জায়গা করে নেই গ্যালাতাসারাই। সেখানে এবার ইতালির সিরি ‘আ’র সফলতম দল জুভেন্টাসকে প্রথম লেগে ৫-২ গোলে হারানোর পর ফিরতি লেগে ৩-২ ব্যবধানে হার। দুই লেগ মিলে ৭-৫ এগ্রিগেটে শেষ ষোলোর নকআউটে জায়গা পায় গ্যালাতাসারাই।