প্রযুক্তি ডেস্ক
মার্কিন রোবটিক্স কোম্পানি বস্টন ডায়নামিক্স দীর্ঘদিনের গবেষণা ও পরীক্ষার পর হিউম্যানয়েড রোবট অ্যাটলাসের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। সম্প্রতি লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তিপণ্যের মেলা সিইএস ২০২৬-এ প্রতিষ্ঠানটি বলেছে, রোবটটির চূড়ান্ত সংস্করণ তৈরির কাজ এখন শেষ পর্যায়ে। প্রথম ধাপে কারখানায় অ্যাটলাস ব্যবহার করবে দক্ষিণ কোরিয়ার স্বচালিত গাড়ি নির্মাতা হুন্দাই। বস্টন ডায়নামিক্সের মূল মালিকও এই হুন্দাই। পাশাপাশি রোবটটির এআই সক্ষমতা বাড়াতে নতুন অংশীদার হিসেবে যুক্ত হয়েছে গুগল ডিপমাইন্ড। অ্যাটলাসের চূড়ান্ত বাণিজ্যিক সংস্করণ শিল্পকারখানার বিভিন্ন ধরনের কাজ করার জন্যই তৈরি। একটানা ও নির্ভরযোগ্যভাবে কাজ করার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে রোবটটির নকশা করা হয়েছে। রিমোট কন্ট্রোল কিংবা ট্যাবলেট ব্যবহার করে অ্যাটলাস পরিচালনা করা যায়। শারীরিক সক্ষমতার দিক থেকেও রোবটটি শক্তিশালী। প্রায় ৭ দশমিক ৫ ফুট দূর পর্যন্ত হাত বাড়িয়ে কাজ করতে পারে এবং প্রায় ৫০ কেজি ওজন বহন করতে সক্ষম। মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও রোবটটি সচল থাকে।
২০১১ সাল থেকেই অ্যাটলাস রোবট নিয়ে কাজের বিষয়টি প্রকাশ্যে আনে বস্টন ডায়নামিক্স। সে সময় যুক্তরাষ্ট্রের ডার্পা প্রকল্পের অংশ হিসেবে প্রথমবার রোবটটিকে জনসমক্ষে দেখানো হয়। এরপর একাধিক প্রোটোটাইপ তৈরি করেছে কোম্পানিটি। সবচেয়ে বড় পরিবর্তন আসে ২০২৪ সালে, যখন পুরোনো হাইড্রোলিক ব্যবস্থা বাদ দিয়ে অ্যাটলাসকে পুরোপুরি বিদ্যুৎচালিত মডেলে রূপান্তর করা হয়। বস্টন ডায়নামিক্সের প্রধান নির্বাহী রবার্ট পেন্টার বলেন, এখন পর্যন্ত তৈরি করা তাদের সেরা রোবট হলো অ্যাটলাস। তার মতে, শিল্পকারখানার কাজের ধরনে বড় পরিবর্তন আনবে এই রোবট। দীর্ঘদিনের লক্ষ্য পূরণের পথে এটিই প্রথম বড় পদক্ষেপ। ২০২৪ সালের শেষ দিকে কারখানায় গাড়ির যন্ত্রাংশ তোলা ও সাজানোর কাজ করতে দেখা গেছে অ্যাটলাসকে। বাস্তব উৎপাদন পরিবেশে এ ধরনের কাজ দিয়েই রোবটটির যাত্রা শুরু হবে। ২০২৮ সাল নাগাদ হুন্দাইয়ের গাড়ি কারখানায় অ্যাটলাসের ব্যবহার শুরু করার পরিকল্পনা রয়েছে। শুরুতে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নির্দিষ্ট ক্রমে সাজানোর কাজে মনোযোগ দেবে রোবটটি। ২০৩০ সালের মধ্যে এর দায়িত্ব আরো বাড়ানোর লক্ষ্য রয়েছে। তখন ছোট যন্ত্রাংশ জোড়া দেওয়ার পাশাপাশি ভারী ও ঝুঁকিপূর্ণ কাজও করবে অ্যাটলাস। গুগল ডিপমাইন্ড অ্যাটলাসকে ব্যবহার করতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের একটি বিশেষ পরীক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে। বস্টন ডায়নামিক্সের রোবটিক সিস্টেমের সাথে নিজেদের জেমিনাই রোবটিক্স এআই মডেল যুক্ত করবে গুগল। এর ফলে অ্যাটলাস পরিবেশ বুঝে নিজে সিদ্ধান্ত নিতে আরো সক্ষম হয়ে উঠবে।



