সংসদ চলাকালে এমপিদের মোবাইলে কথা সতর্ক করলেন স্পিকার

Printed Edition

সংসদ প্রতিবেদক

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের মোবাইল ফোনে কথা বলা, অধিবেশনে স্পিকারের সাথে সংসদ সদস্যের কথা বলার সময় মাঝখান দিয়ে হেঁটে পার হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনের ১৪তম দিন সংসদের অভ্যন্তরে এই পরিস্থিতির সৃষ্টি হলে ডেপুটি স্পিকার সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সতর্ক করেন।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান রাষ্ট্রপতির ভাষণে ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু করার মুহূর্তে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্য থামিয়ে দিয়ে চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘আপনার (চিফ হুইপ) মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই। ম্যানি অব দ্য পার্লামেন্ট মেম্বার্স, উনারা সংসদের ভেতর থেকে কথা বলছেন, ওভার দ্য ফোন। আওয়াজটা এই পর্যন্ত আসছে। নিশ্চয় যারা বক্তব্য রাখছেন বা শুনছেন অন্যদের ক্ষেত্রে এটা ডিস্টার্ব হচ্ছে। একটু যদি দেখতেন আপনি প্লিজ।’

চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে দাঁড়িয়ে বলেন, ‘আপনি এই কথাটা বলেছেন, সবাই এই কথাটা শুনেছেন। বিষয়টা মনে হয় এখানেই নিষ্পত্তি হতে পারে। মাননীয় সদস্যবৃন্দ স্পিকারের মাধ্যমে সবাইকে অনুরোধ করছি। হাউজের মধ্যে আর কেউ কথা না বলি। আর কথা বললে আমরা বাইরে গিয়ে বলব। আমরা কথা বলছি কথা তার (স্পিকার) কান পর্যন্ত পৌঁছেছে, অতএব সচেষ্ট থাকব। আমরা হাউজের মধ্যে কেউ কথা না বলি। আর একটি বিষয় এটি ক্লিয়ার করতে পেরেছি কি না জানি না। ফ্লোর ক্রস হয়। সদস্য কথা বলছেন স্পিকারের সাথে। এর মাঝখান দিয়ে কেউ আসা যাওয়া না করা। এইটাই নিয়ম। যদি কেউ আসতে চান পেছন দিয়ে ঘুরে আসবেন। এটাই নিয়ম, রুলস অব প্রসিডিউরেও আছে। এই কাজটাই ফলো করবেন। আর ফোনের ব্যাপারটাও মনে রাখবেন। আর কেউ ছবি তুলবেন না হাউজের মধ্যে।