লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে মো: খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে বনচৌকি বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সীমান্তজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত খাদেমুল হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬-এস থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে কয়েকজন বাংলাদেশী গেলে ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তিনি বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি কিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরো বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় খোঁজখবর নেয়া হচ্ছে। হাতীবান্ধা থানার ওসি রমজান আলী জানান, নিহতের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।



