রাজনৈতিক অঙ্গীকার থাকলে সঙ্কটেও আস্থা ফিরিয়ে আনা সম্ভব : মাহ্দী আমিন

Printed Edition
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন মুখপাত্র মাহদী আমিন : পিএমও
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন মুখপাত্র মাহদী আমিন : পিএমও

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহ্দী আমিন বলেছেন, ‘জনগণের আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে সরকার প্রমাণ করেছে যেন-রাজনৈতিক অঙ্গীকার ও কার্যকর ব্যবস্থাপনা থাকলে সঙ্কটের মধ্যেও স্বস্তি, শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনা সম্ভব।’ তিনি জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় এবারের ঈদুল আজহায় রাষ্ট্র পরিচালনায় এক নতুন দায়বদ্ধতা ও জনকল্যাণমুখী প্রশাসনিক তৎপরতা প্রত্যক্ষ করেছে দেশের মানুষ।

গতকাল সোমবার বিকেলে রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন গণমুখী উদ্যোগ তুলে ধরতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ড. মাহ্দী আমিন বলেন, টানা ১৬ বছরের জবাবদিহিহীন ফ্যাসিবাদী দুঃশাসনের অচলাবস্থা মুহূর্তেই বদলে ফেলা সম্ভব নয়। তবে এবারের ঈদে সরকার ১০টি সুনির্দিষ্ট জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ নজর দিয়েছিল।

ঈদ ব্যবস্থাপনার মূল অর্জনসমূহ

শ্রমিকদের স্বস্তি : গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমিকদের ঈদের আগেই বকেয়া বেতন-ভাতা নিশ্চিত করায় বিগত বছরগুলোর মতো এবার মহাসড়ক অবরোধ বা শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা তৈরি হয়নি।

পশুর হাটে স্বয়ংসম্পূর্ণতা : সীমান্ত দিয়ে অবৈধ গবাদিপশুর অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি ও সিন্ডিকেট দমনের ফলে দেশী খামারিরা উপকৃত হয়েছেন। এবার এক কোটি ২৩ লাখ কোরবানিযোগ্য পশুর রেকর্ড সরবরাহে দেশ প্রথমবারের মতো পশুর বাজারে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

নজিরবিহীন বর্জ্য অপসারণ : ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের বড় বড় পৌরসভাগুলোতে কোরবানি-পরবর্তী ৮-১২ ঘণ্টার মধ্যে সিংহভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে, যা স্থানীয় নাগরিক সেবার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের পরদিন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। মাঠপর্যায়ে দায়িত্ব অবহেলার দায়ে তাৎক্ষণিকভাবে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের একাধিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়, যা প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিতের এক বিরল দৃষ্টান্ত।

এ ছাড়াও, ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা, মহাসড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি রোধ এবং তীব্র গরমের মাঝেও লোডশেডিং সর্বনিম্ন পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগের সর্বোচ্চ পেশাদারিত্বের কথা উল্লেখ করেন উপদেষ্টা। তবে ঈদে সামগ্রিক ট্র্যাফিক ব্যবস্থাপনা উন্নত ও দুর্ঘটনা কম হলেও টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনাসহ বেশ কিছু মর্মান্তিক প্রাণহানিতে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং ভবিষ্যতে শতভাগ নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন।

পরিশেষে তিনি বলেন, পুরো বিদ্যুৎ খাতকে সেবামুখী করা, চামড়া শিল্পের সিন্ডিকেট ভাঙা এবং নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকার দীর্ঘমেয়াদি টাস্কফোর্সের মাধ্যমে কাজ করে যাচ্ছে।