২২ দিন ধরে পানিবিহীন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স

Printed Edition

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ২২ দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীরা। ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে ৮২ জন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শত শত মানুষও ভোগান্তির শিকার হচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১১ মে থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। বর্তমানে মোটরের সাহায্যে সীমিত পরিসরে পুকুরের পানি ব্যবহার করে বাথরুমের প্রয়োজন মেটানোর চেষ্টা করা হচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে টয়লেট ও বাথরুমগুলো অপরিচ্ছন্ন হয়ে পড়েছে এবং হাসপাতালজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

সরেজমিন দেখা যায়, পর্যাপ্ত পানি না থাকায় রোগীর স্বজনরা দূরের খাল ও পুকুর থেকে বালতিতে পানি সংগ্রহ করছেন। ভুক্তভোগীরা জানান, দীর্ঘ দিন ধরে গোসল ও দৈনন্দিন স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারায় তারা চরম দুর্ভোগে রয়েছেন। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে রোগীদের দুর্ভোগ আরো বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল খায়ের রাসেল জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের মাধ্যমে তিনবার মোটর পরিবর্তন করা হলেও প্রতিবারই তা নষ্ট হয়ে যায়। সর্বশেষ পরীক্ষায় দেখা গেছে, মাটির নিচে পর্যাপ্ত পানির স্তর পাওয়া যাচ্ছে না।

তিনি আরো জানান, স্থানীয় সিভিল সার্জন ও সংসদ সদস্যের প্রচেষ্টায় ১৪ লাখ টাকা ব্যয়ে একটি গভীর নলকূপ স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। তবে প্রকল্পটি বাস্তবায়নে আরো প্রায় এক মাস সময় লাগতে পারে। এর মধ্যে হাসপাতাল চত্বরে থাকা একটি পুকুর থেকে পাইপের মাধ্যমে অস্থায়ীভাবে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।