শিশু মৃত্যুতে তোলপাড় হওয়ার পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে আদ-দ্বীন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুকে কেন্দ্র করে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হলেও হাসপাতালটি আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। ঘটনা ২৬ মে রাত থেকে ২৭ মে সকাল পর্যন্ত ঘটলেও গত শনিবার ও রোববার ছিল আদ-দ্বীন হাসপাতালের জন্য ভয়াবহ দিন। ঢাকার সাংবাদিকরা ছুটে যান আদ-দ্বীন হাসপাতালে খবর সংগ্রহের উদ্দেশ্যে। কিন্তু আদ-দ্বীনের নিরাপত্তা রক্ষী এবং কর্মীরা সাংবাদিকদের সাথে খুব খারাপ আচরণ করেছেন। অবশ্য এ বিষয়টিতে গতকাল সোমবার আদ-দ্বীন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

গতকাল সোমবার আদ-দ্বীন হাসপাতালে ২৫টি সন্তান ডেলিভারি হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ছয়টি সিজার করা হয়েছে এবং ১৯টি স্বাভাবিক প্রসব ছিল। গতকাল নতুন করে বিভিন্ন রোগে ৭১ জন রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া আউট ডোরে এক হাজার ৩৯ জনকে সেবা দেয়া হয়েছে বলে আদ-দ্বীনের এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল জানিয়েছেন।

গতকাল সকাল থেকে আদ-দ্বীন হাসপাতাল ঘুরে দেখা গেছে পরিস্থিতি বেশ স্বাভাবিক। স্বাভাবিক কার্যক্রম চলছে। রোগীদের স্বজনরা হাসপাতালে যাচ্ছেন রোগী নিয়ে আবার অনেককে হাসপাতাল থেকে বের হয়ে যেতে দেখা গেছে। হাসপাতালের স্বল্প মূল্যে অ্যাম্বুলেন্সগুলোকে রোগী নিয়ে আসতে এবং হাসপাতালের সামনে রোগীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। ডাক্তার ও শিক্ষকদের জন্য ব্যবহৃত মাইক্রোবাসগুলোকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসতে দেখা গেছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় থেকে গঠিত তদন্ত কমিটির কাজ অব্যাহত আছে। তারা আগামী বুধবার হয়তো তাদের রিপোর্ট জমা দিতে পারবেন।

গতকাল তারিকুল ইসলাম মুকুল আদ-দ্বীন হাসপাতালের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলেছেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের সাথে হাসপাতালের কর্মীদের অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি বলেন, গত ২৭ মে ছয় নবজাতকের মৃত্যুর পর থেকে তদন্ত কমিটি ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের পরিদর্শনে হাসপাতালে এক ধরনের অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। এর ফলে চিকিৎসক ও কর্মীরা তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন। শনিবারের ঘটনার বর্ণনায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন শেষে একদল সাংবাদিক ভেতরে প্রবেশের চেষ্টা করলে কর্মীদের সাথে বাগি¦তণ্ডা শুরু হয়। পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে অবমাননাকর শব্দ ব্যবহার করলে কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজ্ঞপ্তিতে আদ-দ্বীন কর্তৃপক্ষ উল্লেখ করেন যে, তারা সর্বদা গণমাধ্যমকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মীদের অনিচ্ছাকৃত আচরণে কোনো সাংবাদিক আঘাত পেয়ে থাকলে বিষয়টি তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।