ঈদে সার্বিক অব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতা স্পষ্ট : ড. হামিদ আযাদ

Printed Edition

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জনদুর্ভোগ, সড়ক দুর্ঘটনা, যানজট, জননিরাপত্তাহীনতা এবং বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা সরকারের সামগ্রিক ব্যর্থতাকেই স্পষ্টভাবে তুলে ধরেছে।

জামায়াতে ইসলামী মহেশখালী উত্তর থানা শাখা আয়োজিত ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। হামিদ আযাদ বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত উপল। কিন্তু যথাযথ পরিকল্পনা, সমন্বয় এবং কার্যকর তদারকির অভাবে সাধারণ মানুষকে ঈদযাত্রায় চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। দেশের বিভিন্ন মহাসড়কে দীর্ঘ যানজট, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা জনগণের উদ্বেগ আরো বাড়িয়েছে।

তিনি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ঈদুল আজহার শিক্ষা হলো ত্যাগ, দায়িত্ববোধ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ। রাষ্ট্র পরিচালনায়ও এই মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে। জনগণের দুর্ভোগ লাঘব, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকারকে আরো দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করার আহ্বান জানান।

মহেশখালী উত্তর জামায়াতের আমির মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, মহেশখালী উত্তর সেক্রেটারি মাওলানা বশির আহমেদ, বায়তুলমাল সম্পাদক হাসান শরিফ রুবেল, তরবিয়ত সম্পাদক মাওলানা ওসমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।