নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল করিমের ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মামলা না নেয়ার অভিযোগ তুলে থানার ভেতরই তিনি এজাহার হাতে নিয়ে ওসির বিরুদ্ধে ফেসবুক লাইভ করেন নাজমুল করিম।
গতকাল সোমবার রাত সোয়া ২টায় লাইভে এসে নাজমুল করিম বলেন, ‘আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আমার সাথে আজকে একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। রাত অনুমান সাড়ে ১০টায় থানায় এসে ওসি এবং ওসি তদন্তের সাথে কথা বলি ও এজাহারসহ রাত সোয়া ২টা পর্যন্ত থানায় অবস্থান করলেও আমার এজাহারটি গ্রহণ না করেই ওসি এবং ওসি তদন্ত আমাকে ফেলে তারা থানা থেকে বের হয়ে গেছেন। এখন অভিযোগ দেয়ার মতো কাউকে খুঁজে পাইনি। আমি নবীনগরবাসী ও প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কার ইন্ধন।’ তিনি আরো বলেন, ‘আমি নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও আমার সাথে এমনটা হয়েছে, তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হবে?’ তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কার ইঙ্গিতে এমনটা হয়েছে আপনারা বিচার বিশ্লেষণ করবেন।
এদিকে নবীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি অপমৃত্যুর ঘটনায় আমি থানার বাইরে আছি। থানায় ওসি তদন্ত ও ডিউটি অফিসার রয়েছেন। অভিযোগ তাদের কাছে জমা দিতে কোনো বাধা নেই। যে কেউ অভিযোগ দিলে পুলিশ নিতে বাধ্য।



