নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশ ১১ জন, হাজারীবাগ থানা পুলিশ ৪৩ জন ও মতিঝিল পুলিশ বিভাগের অভিযানে ছয়জনকে গ্রেফতার করে। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ীতে গ্রেফতার ১১ : যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৯ পিস ইয়াবা ও ৪৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
হাজারীবাগে ৪৩ জন গ্রেফতার : হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে হাজারীবাগ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৩ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পল্টনে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬ : মতিঝিল বিভাগ সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে বায়তুল মোকাররম এলাকায় অস্থায়ী হার্ডওয়্যারের দোকানে মতিঝিল বিভাগের পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আকস্মিক অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৫ অবৈধ সুইচ গিয়ার, বিভিন্ন ধরনের ১৩টি চাকু, তিনটি চাইনিজ কুড়াল, তিনটি চাইনিজ হাতুড়ি, পাঁচটি শর্ট গান ও পাঁচটি পাঞ্জা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গতকাল সকালে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।



