সাবেক এমপি মিজানুর রহমান সিনহার ইন্তেকাল

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সাবেক এমপি, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, বিশিষ্ট শিল্পপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা (৮৩) আর নেই। দীর্ঘ দিন সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাত ২টা ৪৭ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে মুন্সীগঞ্জসহ দেশের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।

মরহুম মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা হামিদুর রহমান সিনহা ছিলেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী অঈগঊ এৎড়ঁঢ়-এর প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ। তিনি সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯০ সালে বিএনপিতে যোগ দিয়ে দীর্ঘ দিন দলের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

তিনি বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হয়ে দু’বার জাতীয় সংসদ সদস্য হন। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২৫ সালে তিনি পুনরায় সক্রিয় রাজনীতিতে ফিরে এসে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান। অসুস্থতার কারণে সাম্প্রতিক জাতীয় নির্বাচনে মনোনয়ন পরিবর্তন করা হলেও শেষ সময় পর্যন্ত দলীয় কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী জাহানারা সিনহা, এক ছেলে তানভীর সিনহা, এক মেয়ে তাসনিম সিনহাসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

প্রধানমন্ত্রীর শোক

মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে সিনহার অবদান সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী এ কথা জানান।

এ দিকে মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলার সাবেক আমির, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এ বি এম ফজলুল করীম।

শোকবাণীতে তিনি বলেন, মিজানুর রহমান সিনহা একজন যোগ্য রাজনীতিবিদ, শিল্পপতি এবং সবার আস্থাভাজন ব্যক্তি ছিলেন। তিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন।