সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে বোরো ধান কাটার সময় তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আশাদুল হক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আশাদুল ওই গ্রামের মহল মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির পাশে নিজের জমিতে বোরো ধান কাটার কাজ করছিলেন আশাদুল। দুপুর ১২টার দিকে প্রচণ্ড গরমে মাঠের মধ্যেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যায়। পরে পাশের বকশীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি।

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রেজাউল ইসলাম বলেন, আশাদুল হক নামে একজনকে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে।

তিনি তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে বলে জানান এই চিকিৎসক। তিনি আরো বলেন, এ ধরনের আবহাওয়ায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে এবং অপ্রয়োজনে দীর্ঘ সময় রোদে অবস্থান করা থেকে বিরত থাকতে হবে। জামালপুর প্রতিনিধি।


সাপের দংশনে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর গ্রামে সাপের কামড়ে শাফয়াত উল্লাহ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। শাফয়াত উল্লাহ উপজেলার বেগমপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে, স্থানীয় জামে মসজিদের পেশ ইমাম এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি। গত রোববার শাফয়াত উল্লাহ সদর উপজেলার বেগমপুর গ্রামের নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। অসুস্থ হয়ে পড়লে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।


পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃতরা একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দর ছেলে ও মেয়ে। তারা স্থানীয় একটি মাদরাসায় পড়ত। চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেন। চেয়ারম্যান জানান, আসিফ ও সাথী দিনমজুর মা আছিয়া খাতুনের কাছে থাকত। রোববার সকালে সন্তানদের বাসায় রেখে কাজে গিয়েছিলেন আছিয়া খাতুন। পরে সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরে ছেলেমেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা রাতে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের লাশ ভেসে থাকতে দেখে। পরে পুকুরে নেমে আরো খোঁজাখুঁজি চালালে পুকুরের তলানি থেকে সাথীর লাশ উদ্ধার করা হয়। পঞ্চগড় প্রতিনিধি।


৫ দিনেও সন্ধান মেলেনি কাঠমিস্ত্রির

শখের বশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর চৌড়াহাঁটি এলাকার কাঠমিস্ত্রি নারায়ণ সরকার (৫০) নামে এক ব্যক্তি। নিখোঁজের ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ দুইজনকে আটক করলেও পাঁচ দিনেও নারায়ণ সরকারের কোনো হদিস মেলেনি। নারায়ণ সরকার ঢাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণ সরকার ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে আসে গত বুধবার। পরের দিন বৃহস্পতিবার সকালের দিকে চাচাতো ভাই জগদীশ ও পাশের এলাকার নিতাই শীল ও পরাণ শীলকে নিয়ে বাড়ির অদূরে বড়শি দিয়ে মাছ ধরার জন্য যায়। ওই দিন দুপুরের দিকে সবাই বাড়িতে ফিরলেও নারায়ণ সরকার বাড়িতে না আসায় প্রাথমিক খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এ ঘটনার চার দিন অতিক্রম হওয়ার পর নারায়ণ সরকারের সন্ধান না পেয়ে গতকাল রোববার নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নিখোঁজের স্ত্রী চম্পা রানী। পুলিশ সন্দেহজনকভাবে নিখিল রাজবংশী ও জগদীশ সরকারকে আটক করেছে। দোহার (ঢাকা) সংবাদদাতা।


ওসিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে পাকুন্দিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সারোয়ার আলমসহ ৩২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: মাজহারুল হক উজ্জ্বল বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পাকুন্দিয়া থানাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। মামলায় পাকুন্দিয়া থানার সাবেক ওসি সারোয়ার আলম, সাবেক ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন, এসআই শাহ কামাল, এসআই আরিফ, এসআই মিজান, এসআই মজিবুর, এসআই মো: আশরাফুল্লাহ, এসআই মিজানুর রহমান, এসআই শহিদুল্লাহ, এসআই রফিকুল ইসলাম, এসআই মেহেদী হাসান, এসআই আওলাদ হুসাইন, এসআই আরশাদ মিয়া, এসআই আশরাফ মোল্লাসহ পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩২ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা।


দুই কোটি টাকার ইয়াবা জব্দ

কক্সবাজার থেকে একটি প্রাইভেট কারে ঢাকা নেয়ার পথে ৬৮ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় পাচারে জড়িত মাদককারবারি বাবু মোল্লাকে (৪৫) আটক করা হয়েছে। গত রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ। আটককৃত বাবু মোল্লা চুয়াডাঙ্গা পৌরসভার হকপাড়া এলাকার মৃত শফি মোল্লার ছেলে। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় দুই কোটি চার লাখ ৯০ হাজার টাকা। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।


হাওরে ৬ হাউজবোটকে অর্থদণ্ড

মাদার ফিশারিজ খ্যাত সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গুয়ার হাওরের পরিবেশের ক্ষতিসাধন ও নিয়ম লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়টি হাউজবোটকে সর্বমোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে উচ্চ শব্দে গান বাজানোর কাজে ব্যবহৃত ১৪টি সাউন্ড বক্স জব্দ করা হয়। গত রোববার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত হাওরের পরিবেশ বজায় রাখতে হাওরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, হাওরের পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না। কঠোরভাবে দমন করা হবে। তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা।